জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না। সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে। কিন্তু কোনো প্রভু নেই। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল নেত্রকোনার কলমাকান্দা জেলা পরিষদে উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কলমাকান্দা-১ আসনে নির্বাচনি দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সঞ্চালনা করেন প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির। ডেপুটি স্পিকার আরও বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। তারা স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৪ সাল থেকে ২০১৮ ও ২০২৪ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। আবারও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এজন্য দলের নেতা-কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।