মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:৫৭

সর্বশেষ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল, জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল, জানবেন যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে ফল প্রকাশের নতুন সময় বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সময়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন উপায়ে এই ফল জানতে পারবেন—নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে আসা এসএমএসের মাধ্যমে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে—৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্রের জন্য। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

মূল ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। আজ বিকেল ৩টায় সেই আবেদনের ফল প্রকাশ করা হবে।

খবরটি শেয়ার করুন