মূল লেখায় যান
এই সময়

রাত ৯:৩১

সর্বশেষ

টাকার পাহাড় পাগলা মসজিদে, সাড়ে ৫ ঘণ্টায় ১২ কোটি পার

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জপ্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
টাকার পাহাড় পাগলা মসজিদে, সাড়ে ৫ ঘণ্টায় ১২ কোটি পার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিলেছে টাকার পাহাড়। এবার ১০টি লোহার দানবাক্স ও পাঁচটি টিনের বাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৯টায় গণনা শুরুর সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যেই টাকার পরিমাণ ছাড়িয়েছে সাড়ে ১২ কোটি। বিকেল ৩টা পর্যন্ত গণনা শেষে এ পরিমাণ পাওয়া গেলেও তখনো বাকি টাকা গণনার কাজ চলছিল।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কামরুল হাসান মারুফ এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় গণনার কাজ। প্রথম তিন ঘণ্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা করা হয়েছিল। এরপর বিকেল ৩টা পর্যন্ত গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়ায় সাড়ে ১২ কোটি টাকা। তখনো গণনার কাজ চলছিল।

গণনা শেষে টাকাগুলো ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এবারের টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এ কাজে অংশ নেন।

এর আগে শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। সেগুলো থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় টাকা গণনার কাজ।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন