একসময় ঢাকাই চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন হেলাল খান। কখনো নায়ক, কখনো খলনায়ক—দুই চরিত্রেই দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ‘সাগরিকা’, ‘জুয়াড়ি’, ‘হাছন রাজা’ বা ‘বাজিগর’-এর মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করে ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেন। খল চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একসময়ের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে এফডিসি-সংক্রান্ত একটি ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছেন।

শৈশব থেকেই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হেলাল খান। নব্বইয়ের দশকের শুরুতে তিনি বাংলাদেশে আসা-যাওয়া শুরু করেন। সে সময়ই ঢাকা ক্লাবে খ্যাতিমান নির্মাতা এহতেশামের সঙ্গে তাঁর পরিচয় হয়। ১৯৮৭ সালে এহতেশাম তাঁকে অভিনয়ের প্রস্তাব দিলেও দীর্ঘ সময় বাংলাদেশে থাকার সুযোগ না থাকায় তা করা হয়নি। পরে ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ‘প্রিয় তুমি’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। প্রথম ছবির বাণিজ্যিক সাফল্য তাঁকে ঢালিউডের পরিচিত মুখে পরিণত করে।

ক্যারিয়ারে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন হেলাল খান। বিশেষ করে যৌথ প্রযোজনার ‘সাগরিকা’ ছবিতে তাঁর খলনায়ক চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আকস্মিক সিদ্ধান্তে এই ছবির জনপ্রিয় ‘সাগরিকা’ গানে তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। অন্যদিকে, ‘জুয়াড়ি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি ‘আশা আমার আশা’ ছবির মাধ্যমে তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন।

তবে ২০০৩-০৪ সালের দিকে চলচ্চিত্রে অশ্লীল ও নিম্নমানের ছবির নির্মাণ বেড়ে গেলে তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁর মতে, সে সময় কিছু প্রযোজকের রুচিহীন ছবি নির্মাণের কারণে চলচ্চিত্রের সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। সুস্থ ধারার সিনেমা নির্মাণের ইচ্ছা থাকলেও নানা কারণে তা আর হয়ে ওঠেনি। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।