১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ ছিল। সেই ম্যাচে প্রেসিডেন্ট বক্সে বাফুফে স্টাফ লাঞ্চিত হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক বরাবর একটি চিঠি দিয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া চিঠিতে বাফুফে সভাপতি ১৪ নভেম্বর ঘটে যাওয়া ঘটনার খানিকটা বিবরণ দেন। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তার পরিচয়ে আমন্ত্রণবিহীন কয়েকজন ব্যক্তিগত প্রেসিডেন্ট বক্সে প্রবেশের চেষ্টা করেন। বাফুফে দায়িত্বপ্রাপ্ত স্টাফ তাদের আমন্ত্রণপত্র দেখতে চাইলে তারা বাজে আচরণ করেন। এরপর এক পর্যায়ে এক কক্ষে বাফুফের আরেক স্টাফ গালিগালাজ ও লাঞ্ছিত হন। প্রেসিডেন্ট বক্সে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে নিরাপত্ত নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেন এমনটি চিঠিতে উল্লেখ রয়েছে।
বাফুফে সভাপতি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উক্ত ঘটনায় জড়িত কেউ যদি জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সংযুক্ত না হয়ে থাকে তাহলে বাফুফে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছে ফেডারেশন। সেক্ষেত্রে বাফুফে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রেসিডেন্ট বক্স জাতীয় স্টেডিয়ামে সংরক্ষিত জায়গা। যেখানে সভাপতি কিংবা ফেডারেশনের বিশেষ আমন্ত্রিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন। ফেডারেশনের নির্বাহী কমিটির ব্যক্তিগণ নিজ পরিবার কিংবা অতি নিকটজনের প্রবেশের জন্য সর্বোচ্চ দু’টি করে পাশ পান।
বাফুফে সভাপতি পারিবারিক কাজে বাইরে থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না। দেশে ফিরে স্টাফ লাঞ্ছনার ঘটনায় চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদে। ১১ নভেম্বর প্রেসিডেন্ট বক্সেই বাফুফে দুই নির্বাহী সদস্য বাদানুবাদে জড়িয়েছিলেন। এতে আমন্ত্রিত অতিথি, ফেডারেশনের স্টাফদের সামনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঐ ঘটনার জন্য বাফুফে সভাপতি অবশ্য সংশ্লিষ্ট দুই সদস্যকে কোনো নির্দেশনা বা বার্তা দেননি এখন পর্যন্ত।

