যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোম’ (তেজস্ক্রিয় বোমা) বা রাসায়নিক হামলার পরিকল্পনা করছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক সাত মার্কিন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমনটাই দাবি করেছে। তবে এই অভিযোগের পক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেনি তারা।
সিএনএন-এর সূত্র মতে, তেহরান এটিকে তাৎক্ষণিক কোনো হামলা হিসেবে নয়, বরং নিজেদের হাতে একটি বিকল্প পথ খোলা রাখার অংশ হিসেবে ভাবছে। মার্কিন গোয়েন্দারা এমন কিছু কথোপকথন জানতে পেরেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, বোমা তৈরির সরঞ্জাম এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মজুত করা হয়ে থাকতে পারে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, তারা সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, কিন্তু বর্তমানে দেশের ভেতরে কোনো বিশ্বাসযোগ্য হুমকির তথ্য নেই। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এই প্রতিবেদন এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে। গত সপ্তাহে ট্রাম্পও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির ‘প্রয়োজন নেই’। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী পৌঁছানোর পর ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
'ডার্টি বোম' কী?
ডার্টি বোম বা তেজস্ক্রিয় বিকিরণ যন্ত্রে ডায়নামাইটের মতো সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের পর এর ভেতরের তেজস্ক্রিয় পদার্থগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। পারমাণবিক অস্ত্রের মতো এতে কোনো চেইন রিঅ্যাকশন বা সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় না। চিকিৎসা বা শিল্প খাতে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ দিয়েই এটি তৈরি করা সম্ভব। ফলে এটি পারমাণবিক বোমার চেয়ে অনেক সস্তা এবং তৈরি করাও সহজ। তবে এটি পারমাণবিক বোমার মতো এতটা ধ্বংসাত্মক নয়।
এর মূল ঝুঁকি হলো বিস্ফোরণস্থলের চারপাশের দূষিত ধুলোবালি শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করা। বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমের মাধ্যমে ব্যাপক প্রাণহানির আশঙ্কা কম। এর প্রধান প্রভাব হলো মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করা এবং নির্দিষ্ট এলাকাকে তেজস্ক্রিয়তার কারণে ব্যবহারের অনুপযোগী করে তোলা। এ কারণেই বিশেষজ্ঞরা এটিকে ‘গণবিধ্বংসী অস্ত্রের’ বদলে ‘গণবিঘ্নকারী অস্ত্র’ বলে থাকেন।
ইরানের কি ডার্টি বোম তৈরির সক্ষমতা রয়েছে?
তাত্ত্বিকভাবে এর উত্তর হলো—হ্যাঁ। তবে বিশ্বের অনেক রাষ্ট্র এবং সশস্ত্র গোষ্ঠীরও এই সক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা বা শিল্প কারখানার কাজে ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে খুব সহজেই ডার্টি বোম তৈরি করা যায় এবং এর জন্য কোনো উচ্চপর্যায়ের প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন নেই। ইরানের বড়সড় একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং তাদের কাছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত সিজিয়াম-১৩৭ ও শিল্পে ব্যবহৃত কোবাল্ট-৬০-এর মতো আইসোটোপ রয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞ তালহা আবদুল রাজ্জাকের মতে, প্রচলিত পারমাণবিক অস্ত্রের চেয়ে ডার্টি বোম তৈরি করা অনেক সহজ। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও, এমন বোমা তৈরির মতো সব ধরনের উপাদান ও প্রযুক্তিগত জ্ঞান তাদের রয়েছে। তবে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ড্রোন বা মিসাইল প্রযুক্তি ইরানের নেই। তাই তাদের চোরাচালান নেটওয়ার্ক বা সংঘবদ্ধ অপরাধী চক্রের ওপর নির্ভর করতে হবে। আবদুল রাজ্জাকের দাবি, ইরান এমন কোনো হামলা চালালে আন্তর্জাতিক বিশ্বে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়বে এবং এর ফলে দেশটিতে সরাসরি আগ্রাসন বা সরকার পতনের মতো ঘটনা ঘটতে পারে। তাই ইরানের কৌশলপ্রণেতারা এমনটা করবেন—সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।
হুমকিটি কতটা বাস্তব?
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, খোদ মার্কিন কর্মকর্তারাই এ বিষয়ে দ্বিধাবিভক্ত। ইরানিদের আদৌ এমন হামলা চালানোর সক্ষমতা আছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনার অভিযোগ ইরানের বিরুদ্ধে নতুন কিছু নয়। সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধানের এক মেমোতেও বিদেশে থাকা মার্কিন কর্মীদের ওপর ইরানের হামলার আশঙ্কার কথা বলা হয়েছে।
তবে সমালোচকরা বলছেন, এ ধরনের গোয়েন্দা তথ্যগুলো অনেক সময়ই যুদ্ধের পক্ষে জনমত তৈরির কৌশল হতে পারে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে মার্কিন সরকার দাবি করেছিল, সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। কিন্তু যুদ্ধের পর তার কোনো প্রমাণ মেলেনি। ২০০৫ সালে খোদ মার্কিন কমিশন স্বীকার করে যে, ইরাক বিষয়ক সেই গোয়েন্দা তথ্য ছিল সম্পূর্ণ ভুল।
কখনো কি ডার্টি বোম ব্যবহার করা হয়েছে?
ইতিহাসে আজ পর্যন্ত সফলভাবে ডার্টি বোম হামলার কোনো প্রমাণ নেই। তবে ১৯৯৫ ও ১৯৯৮ সালে চেচেন যোদ্ধারা এমন বোমা পুঁতে রাখলেও তা বিস্ফোরিত হয়নি বা নিষ্ক্রিয় করা হয়েছিল।

