বিশ্ববিদ্যালয়গুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আব্দুল্লাহ। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক ও প্রশাসনিক পর্ষদে নারীর ন্যূনতম ৩০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে কার্যকর নীতিমালার ওপর জোর দেন তিনি।
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) তিন দিনব্যাপী (১৯–২১ নভেম্বর) অর্ধবার্ষিক সম্মেলনে প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন টু এমপাওয়ার উইমেন ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক ওই প্যানেল সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লা ভার্নের প্রেসিডেন্ট ইমেরিটা ড. ডেবোরা লিবারম্যান।
আলোচনায় নির্বাহী নেতৃত্ব ফেলোশিপ, আন্তর্জাতিক মেন্টরশিপের সুযোগ এবং কর্মক্ষেত্রের বৈষম্য দূর করার দাবি জানান লাবিবা আব্দুল্লাহ। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরা নারীদের প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সমাজে এখনো অনেকেই মনে করেন, মা হওয়ার পর একজন নারী আগের মতো পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এই ধারণার কারণে মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরে আসা অনেক নারী নেতৃত্বের সুযোগ থেকে বঞ্চিত হন। এই পুরোনো মানসিকতা ও সামাজিক বাধা পরিবর্তন করতে হবে। মাতৃত্ব কখনোই নারীর পেশাগত উন্নতি ও নেতৃত্বের পথে বাধা হওয়া উচিত নয়।”


