নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘টেক্সটাইল এলোকোয়েন্স–সিজন ১’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে এনইউবি টেক্সটাইল ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদ আশরাফি শাওন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পঞ্চম সেমিস্টারের মো. ফাহমিদ ইসলাম মাহিম এবং দ্বিতীয় রানারআপ অষ্টম সেমিস্টারের আবাসুম জাহান সানজিদা।
শিক্ষার্থীদের বাগ্মিতা, সৃজনশীল চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ৮০ জন অংশ নেন। তাদের মধ্য থেকে ১৫ জন সেমিফাইনালে এবং আটজন চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার সুযোগ পান। বিচারকরা বক্তব্যের বিষয়বস্তু, যুক্তি, উপস্থাপনা ও আত্মবিশ্বাস মূল্যায়ন করেন।

