জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এ পদক্ষেপ না নিলে বোঝা যাবে সরকার শুধু ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্য চাইছে, আর জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলে জনগণ বুঝতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে। তা না হলে বোঝা যাবে, ডিসেম্বরে শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য তারা জাতীয় ঐকমত্য চাইবে এবং জানুয়ারি মাসে আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে।

