দেশে কর্মসংস্থানের সুযোগ নেই, বিষয়টি এমন নয়। কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ব্যবসা ও সেবা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগিয়ে চাকরি কিংবা টেকসই ব্যবসা গড়ে তুলতে পারছেন না দেশের তরুণেরা। কোথাও দক্ষতার অভাব, কোথাও চাকরিতে অভিজ্ঞতার শর্ত, আবার কোথাও ব্যাংক ঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধা। ফলে একদিকে কয়েক লাখ শিক্ষিত তরুণ বেকার রয়েছেন, অন্যদিকে অধিকাংশ কর্মজীবী তরুণের ঠাঁই হচ্ছে অনানুষ্ঠানিক ও অনিশ্চিত পেশায়।
পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নামিরা শামীম ফলাফল তুলে ধরেন। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় সৈয়দ এম. হাসেমীও যুক্ত ছিলেন।
এই সংকটের মূল কারণ হিসেবে দুর্বল মধ্যবর্তী প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে চিহ্নিত করেছেন গবেষকেরা। তাদের ভাষায়, জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণ এবং ব্যক্তি বা উদ্যোক্তার নিজস্ব উদ্যোগের মাঝখানে যে প্রতিষ্ঠানগুলোর সেতুবন্ধ হিসেবে কাজ করার কথা, সেগুলো কার্যকর নয়। অর্থনীতির এই স্তরকে বলা হচ্ছে ‘মেসো-অর্থনীতি’। আর এ স্তরের দুর্বলতাই তৈরি করেছে ‘মিসিং মিডল’ বা অনুপস্থিত মধ্যস্তর।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ হলেও ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে তা ৮ দশমিক ০৭ শতাংশ। স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ এবং নারী স্নাতকদের ক্ষেত্রে তা আরও বেশি, ২০ দশমিক ৪ শতাংশ। দেশে মোট ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করেও কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছেন না বিপুলসংখ্যক তরুণ।
শুধু বেকারত্বই নয়, কর্মসংস্থানের মান নিয়েও বড় উদ্বেগ রয়েছে। গবেষণায় দেখা গেছে, কর্মরত তরুণদের ৯২ দশমিক ৭ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। ফলে তাদের বড় অংশেরই নিয়মিত আয়, চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নেই। অর্থাৎ কাজ পেলেও মর্যাদাপূর্ণ ও স্থিতিশীল জীবিকার নিশ্চয়তা মিলছে না।
চাকরি পেতে অভিজ্ঞতা, অভিজ্ঞতা পেতে চাকরি: তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে একধরনের বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে। নিয়োগকর্তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অনেক তরুণের ব্যবহারিক দক্ষতা, যোগাযোগক্ষমতা ও কর্মক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা নেই। অন্যদিকে তরুণদের প্রশ্ন, প্রথম চাকরিতেই যদি অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তারা পাবেন কোথায়?
গবেষণায় নিয়োগকর্তাদেরও দক্ষ কর্মী পাওয়ার সংকটের কথা উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া নিয়োগকর্তাদের মাত্র ১৫ শতাংশ জানিয়েছেন, তারা সহজেই যোগ্য তরুণ কর্মী খুঁজে পান। অথচ চট্টগ্রামের মতো শিল্প ও বন্দরকেন্দ্রিক অঞ্চলে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ না থাকায় এ চাহিদা পূরণ হচ্ছে না।
শিক্ষার্থী সংকটে ইতিমধ্যে ১৩৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ হওয়ার তথ্যও গবেষণায় তুলে ধরা হয়েছে। এ অবস্থায় শুধু প্রশিক্ষণ ও সনদ দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন গবেষকেরা। তারা প্রশিক্ষণের সঙ্গে নিয়োগকর্তাদের যুক্ত করা, শিক্ষানবিশির সুযোগ তৈরি এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
ঋণ পেতে জামানত, সরকারি সেবায় ঘুষ: চাকরির পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা। গবেষণায় অংশ নেওয়া তরুণদের ৮০ শতাংশ জানিয়েছেন, সরকারি সেবা নিতে গিয়ে বিলম্ব কিংবা ঘুষের মতো অনানুষ্ঠানিক লেনদেনের অভিজ্ঞতা হয়েছে তাদের। আর সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পান মাত্র ৪ শতাংশ তরুণ।
অন্যদিকে ৭০ শতাংশ নিয়োগকর্তা ও উদ্যোক্তার মতে, ক্ষুদ্রঋণের পরিমাণ ব্যবসার প্রয়োজনের তুলনায় কম। আবার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জমির দলিল ও জামানতের শর্ত পূরণ করতে হয়, যা নতুন উদ্যোক্তাদের পক্ষে কঠিন। বিশেষ করে ফ্রিল্যান্সারদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় অনেক ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করে না।
নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও ঋণপ্রাপ্তির বাধা প্রকট। তাদের জন্য বিশেষ ঋণে ৪ শতাংশ সুদের সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর ও জমির দলিলের মতো শর্তের কারণে প্রকৃত নারী উদ্যোক্তারা অনেক সময় ঋণ পাচ্ছেন না।
অঞ্চলভেদে সম্ভাবনা, কিন্তু কাজে লাগানোর ব্যবস্থা নেই: গবেষণায় রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান ও রংপুরের পীরগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা ও প্রতিবন্ধকতা পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, প্রতিটি অঞ্চলে সম্ভাবনা থাকলেও প্রক্রিয়াজাতকরণ, অর্থায়ন, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে স্থানীয় অর্থনীতি প্রত্যাশিত সুফল পাচ্ছে না।
রাজশাহী ও উত্তরাঞ্চলে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের অভাবে ফলের বড় অংশ নষ্ট হচ্ছে। পাশাপাশি রাজশাহী রেশম বোর্ডের নার্সারি ও যন্ত্রপাতিও অব্যবহৃত পড়ে আছে। যশোরে প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাই-টেক পার্কের ৩৮ শতাংশ জায়গা এখনো ফাঁকা। উচ্চ ভাড়া ও বিদ্যুৎ বিলের কারণে স্থানীয় ক্ষুদ্র আইটি উদ্যোক্তারা সেখানে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। নোয়াখালীতে সয়াবিন ও কৃষিপণ্য উৎপাদিত হলেও স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ না হওয়ায় মূল্য সংযোজনের সুবিধা অন্য অঞ্চলে চলে যাচ্ছে। আর চট্টগ্রামে শিল্পপ্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী পাচ্ছে না, অথচ তরুণদের হাতে-কলমে কাজ শেখার সুযোগও সীমিত।
সংস্কারের কেন্দ্রে থাকতে হবে মেসো-অর্থনীতি: গবেষণাটি গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিচালিত হয়। এতে রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ এবং নিয়োগকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ১০০ জন তরুণ ও ৫৯ জন নিয়োগকর্তা-উদ্যোক্তার কাছ থেকে তথ্য নেওয়া হয়। এ ছাড়া নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাই-টেক পার্ক, উপকূলীয় নোয়াখালী ও বান্দরবানে মাঠপর্যায়ে অনুসন্ধান চালানো হয়। গবেষকেরা স্পষ্ট করেছেন, এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক জরিপ নয়; বরং বিভিন্ন অঞ্চলে তরুণদের অর্থনৈতিক সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বাস্তব প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করাই ছিল এর উদ্দেশ্য।
গবেষণার ফল প্রসঙ্গে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, মাঠপর্যায়ের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে হবে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, প্রবৃদ্ধির বর্তমান মডেল আর যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় দক্ষতা, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগে নতুন করে মনোযোগ দিতে হবে।