মঞ্চ কিংবা কোনো সংগীতানুষ্ঠান নয়, এবার বিমানের ভেতরেই গানের আসর জমালেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। রায়পুরের ওরিয়ানা ফেস্টে সংগীত পরিবেশন শেষে মুম্বাইগামী একটি ফ্লাইটে ফিরছিলেন তিনি। বিমানে তাকে সহযাত্রী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অন্য যাত্রীরা। তাদের অনুরোধে একপর্যায়ে মাঝ আকাশেই গান শোনান এই গায়ক।
বিমানে সনু নিগমকে দেখতে পেয়ে যাত্রীরা তার জনপ্রিয় গান গাইতে শুরু করেন। তাদের কণ্ঠে শোনা যায় ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহু’-এর মতো গান। যাত্রীদের এই উচ্ছ্বাস নিজের ফোনে ধারণ করেন সনু। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, “যদি ‘উসকানি’ শব্দটির একটি প্রেমময় সংগীতময় অর্থ থাকত, তবে এটিই তার নিখুঁত উদাহরণ।
বিমানের সিট বেল্টের সংকেত বন্ধ হওয়ার পরও যাত্রীদের অনেকেই নিজেদের আসনে বসে ছিলেন। বিষয়টি লক্ষ করেন সনু। তার ধারণা হয়, যাত্রীরা আরও গান শোনার অপেক্ষায় রয়েছেন। সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “সিট বেল্ট সংকেত বন্ধ, তবুও তারা বসে আছেন, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে তারা ‘শো টাইম’-এর জন্য অপেক্ষা করছেন।


