বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশ তার স্বাধীনতার ৫৫ বছরেও একটি টেকসই দেশ শাসনব্যবস্থা তৈরি করতে পারেনি। কিছুদিন পরপর পুরো শাসন ব্যবস্থার ওলট পালট হচ্ছে, ভাঙাগড়ার খেলা চলছে। ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের একটি ফাঁদ।
শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমন মন্তব্য করেন। তার মতে, একটি চলনসই গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা থাকলেও বাংলাদেশ বর্তমানের তুলনায় উন্নতি করতে পারবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ‘ছায়া সংসদ’ নামে প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল। অপর প্রতিযোগী ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দল।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণ জাতীয় ইস্যু। সবাই মিলে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জগুলো সম্ভাবনায় রূপান্তর করতে হবে। প্রতিযোগিতার শক্তি বাড়াতে হবে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা কমিয়ে ব্যবসার জন্য সহজ পরিবেশ তৈরি করতে হবে। অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ঘটতে থাকলে উদ্যোক্তারা স্বস্তি পান না। অর্থনীতি ঠিকমতো এগোতো পারে না। কিছুদিন পর ভাঙাগড়ার খেলা চলতে থাকে। টেকসই শাসন ব্যবস্থা তৈরি করতে পারলে এলডিসি উত্তরণের সম্ভাবনা কাজে লাগানো যাবে।
তৈরি পোশাক খাতের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এটি জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। মালিক ও শ্রমিক দু’পক্ষই সমস্যায় রয়েছে। স্বচ্ছতার সঙ্গে আলোচনা করলে সমস্যার সমাধান হতে পারে। সব কিছুতে স্বচ্ছতা থাকলে শ্রমিকরা নিজেদের স্বার্থেই বুঝতে পারবেন, এই শিল্প না থাকলে তারাও সংকটে পড়বেন।
জাতীয় জীবনে সুস্থ বিতর্কের প্রয়োজনীয়তা ব্যাখ্যায় তিনি বলেন, গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভাজন ও ঝগড়া–বিবাদ বেড়েছে। একে গ্রহণযোগ্য মাত্রায় নামাতে হলে বিপক্ষের যুক্তিও শুনতে হবে। সমাজকে হতে হবে যুক্তিবাদী। সবার মতামতকে মর্যাদা দিতে হবে।
মতামত লেখকের নিজস্ব। এই সময়-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এর মিল না-ও থাকতে পারে।