যুক্তরাজ্যের অধিকাংশ শহরে রাতের আকাশে খালি চোখে যত নক্ষত্র দেখা যায়, তার চেয়ে বেশি কৃত্রিম উপগ্রহ আকাশ অতিক্রম করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের হিসাবে, রাতের যেকোনো মুহূর্তে সাত শতাধিক উপগ্রহ আকাশপথে চলাচল করে। উপগ্রহের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মহাকাশ পর্যবেক্ষণে সমস্যা তৈরির আশঙ্কা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
প্রকৌশল যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকু কম্পোনেন্টস অক্টোবরে সাত রাত ধরে ১৫ হাজারের বেশি সক্রিয় উপগ্রহের গতিপথ পর্যবেক্ষণ করে। এসব উপগ্রহ পৃথিবী থেকে দুই হাজার কিলোমিটারের কম উচ্চতায় ঘুরছে।
গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের একটি সাধারণ শহরের ওপর দিয়ে প্রতি রাতে প্রায় ১৩ হাজার ভিন্ন উপগ্রহ অতিক্রম করে। পৃথিবীর নিম্ন কক্ষপথে সক্রিয় উপগ্রহের দুই-তৃতীয়াংশের বেশি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কের।
বর্তমানে মহাকাশে ২০ হাজারের বেশি সক্রিয় উপগ্রহ রয়েছে। অথচ এক দশক আগেও সংখ্যাটি ছিল এক হাজারের কিছু বেশি। গত বছর রেকর্ড চার হাজার ৫১০টি বস্তু মহাকাশে উৎক্ষেপণ করা হয়। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে আগামী কয়েক বছরে আরও ১০ লাখ উপগ্রহ উৎক্ষেপণের অনুমতি চেয়েছেন ইলন মাস্ক।
উপগ্রহের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ, এসব উপগ্রহ থেকে আসা আলোর রেখা দূরবীক্ষণ যন্ত্রে তোলা ছবিতে নক্ষত্র, ছায়াপথসহ অন্যান্য মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক গাসপার বাকোস উপগ্রহকে নতুন ধরনের আলোকদূষণ হিসেবে বর্ণনা করেছেন। তার আশঙ্কা, এভাবে উপগ্রহ বাড়তে থাকলে ভবিষ্যতে নক্ষত্রমণ্ডলী ও আকাশগঙ্গা ছায়াপথ দেখার সুযোগ পুরোপুরি হারিয়ে যেতে পারে।
এ বছর ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির পৃথক গবেষণায়ও একই ধরনের উদ্বেগ উঠে এসেছে। সংস্থাটির গবেষকেরা মহাকাশে উপগ্রহের মোট সংখ্যা প্রায় এক লাখের মধ্যে সীমিত রাখার সুপারিশ করেছেন।