কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বিত দল। রাজপথ ড্রোন নজরদারির আওতায় আনা হচ্ছে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের বাইরে পলাতক দলটির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে উসকানি দিয়ে যাচ্ছেন। এর আগে ১৯ নভেম্বর দলটির ডাকা কর্মসূচির নামে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালানো হয়, যা সাধারণ মানুষের মনে উদ্বেগ তৈরি করে। জনগণের সেই উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করতেই সরকার এবার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।
আসন্ন লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, ২৯ ও ৩০ নভেম্বর ঘিরে নাশকতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং লকডাউন কর্মসূচি মোকাবিলায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি জানান, দুষ্কৃতকারীরা নাশকতা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসআরবি, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসআরবি, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নসহ সবাই মাঠে আছে এবং তারা যৌথভাবে কাজ করছে।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগরীসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন (২৭ থেকে ২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি শনিবার আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, এরই মধ্যে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি বাড়ানো হয়েছে। দেশের সব বিমানবন্দর, পদ্মা সেতু, যমুনা সেতু, বিদ্যুৎকেন্দ্র ও থানাগুলোতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। পুলিশের মনোবল চাঙা রাখতে এবং যেকোনো হামলা প্রতিহত করতে থানায় থানায় বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা; বহিরাগতদের ঠেকাতে কারখানার পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান বলছে, গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে নাশকতামূলক তৎপরতা প্রায় পাঁচ গুণ বেড়েছে। অক্টোবরে সারা দেশে ৫৭টি ঝটিকা কর্মসূচি ও নাশকতার তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই তা বেড়ে ২৮১টিতে দাঁড়ায়। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে আগুন দেওয়া হয় এবং শতাধিক স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়, মিরপুরের রূপনগর থানা, আদাবর, শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় ককটেল হামলা চালানো হয়। পাশাপাশি ভাঙ্গা, গৌরনদী, বরগুনা, সিলেট, কুমিল্লা ও নওগাঁর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং পেট্রলবোমা ছুড়ে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়। এমনকি তিনটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে নাশকতার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। গত সপ্তাহে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় দফায় দফায় সশস্ত্র তাণ্ডব চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা অস্ত্র লুট করে। পুলিশের সাঁজোয়া যান বা এপিসি ভাঙচুর করা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া এমপি জিলানীর বাড়িঘরসহ পাটগাতি বাজারে যুবদল কার্যালয় ও সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাতেও। গোপালগঞ্জের বাইরে আরও কয়েকটি জেলাতেও নাশকতা ছড়ানো হয়।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে পুলিশ ফাঁড়ি ও টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও লুটের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ২০২৪ সালে লুট হওয়া এবং সাম্প্রতিক সময়ে বেহাত হওয়া এসব অস্ত্র লকডাউনের সময় নাশকতাকারীরা ব্যবহার করতে পারে। তবে এরই মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ কয়েকটি এলাকা থেকে লুট হওয়া শটগান ও রাইফেল উদ্ধার করা হয়েছে।
একটি গোয়েন্দা প্রতিবেদনে এই নাশকতার নেপথ্যে থাকা ২৩ জন প্রভাবশালী নেতা এবং চারজন মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, মূল পরিকল্পনায় রয়েছেন পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া অঞ্চলভিত্তিক অর্থ জোগানদাতা হিসেবে কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের দুর্গম চরাঞ্চলে গোপনে ককটেল ও হাতবোমা তৈরি করা হচ্ছে এবং রাজধানীর পাঁচটি নির্দিষ্ট পয়েন্ট থেকে এসব বিস্ফোরক ও নগদ অর্থ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে দেশের রপ্তানিমুখী পোশাক খাতকে অস্থিতিশীল করার আরেকটি ষড়যন্ত্রের তথ্যও উঠে এসেছে। তদন্তে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পোশাক কারখানার মালিকদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের বেতন-ভাতা আটকে রাখছেন। এরপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শ্রমিকের ছদ্মবেশে কারখানার ভেতরে ও রাস্তায় ঢুকে সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালাচ্ছে।
অন্যদিকে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোও। সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশের প্রতিটি পাড়া ও মহল্লায় অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা। পর্যায়ক্রমে দিন ও রাতে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবেন তারা।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, তাদের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথেই আছেন।