গ্যাসের চাহিদা মেটাতে কক্সবাজারের মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। সেখানে চীনের মাধ্যমে আরও একটি (তৃতীয়) টার্মিনাল স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় কমিটি। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নতুন এই ব্যয়বহুল প্রকল্পের পক্ষে নন জ্বালানি বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের জন্য প্রতিদিন ৫ লাখ ডলার ভাড়া গুনতে হয়। নতুন টার্মিনালটির জন্য প্রতিদিন ভাড়া দিতে হবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার। এ ছাড়া এটি স্থাপনে সময় লাগবে কমপক্ষে ৩ বছর। এদিকে চলতি অর্থবছরে এলএনজি আমদানির পেছনে নির্ধারিত ১০ হাজার কোটি টাকার ভর্তুকি প্রথম তিন মাসেই শেষ হয়ে গেছে।
এ বিষয়ে নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এটি তিন বছর গ্যাস সরবরাহ করতে পারবে না। আর তিন বছর পর সরবরাহ করলেও তা অধিক মূল্যে দিতে হবে। ফলে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় করতে হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপরন্তু, যখনই আপনি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মতো বিশাল অবকাঠামো নির্মাণের দিকে যাবেন, তখন দেখা যাবে গ্যাস অনুসন্ধানের জন্য যেসব বিদেশি কোম্পানির বিষয়ে ইতিমধ্যে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোতে তারা আগ্রহ হারাবে।’





