এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, দুর্নীতি ও অনিয়ম দূর করা এবং ব্যবসায়ের খরচ নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, দেশে একটি টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এর জন্য প্রয়োজন চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও কনস্পিরেসি থিওরি চলতেই থাকবে। তা মোকাবিলার জন্য স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি হালে পানি পায় না। তাই এর জন্য দরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে আমাদের যে অভ্যাস হয়ে গেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পরিবেশ দরকার, সেদিকে বিগত সময়ে দৃষ্টি দেওয়া হয়নি। এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করতে হবে। পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। এতে মালিক ও শ্রমিক—দুই পক্ষকেই এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। এ খাত নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। পোশাকশিল্প যদি ধ্বংসের পথে যায়, তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরাই।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আরও ৩ বছর বাড়ায় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ব্যবসায়ীরা এখনো প্রস্তুতি নিতে পারেননি। গ্র্যাজুয়েশনের পর পোশাক খাতের বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত প্রত্যক্ষভাবে জড়িত। তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারাবে। ফলে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ আছে, তবে সঠিক প্রস্তুতি নিলে সেই চ্যালেঞ্জই সম্ভাবনায় পরিণত হবে।
ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকেরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।