আগামী রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে এসেছে।
একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, আপেল ও কমলার ক্ষেত্রে নতুন এই শুল্কহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।





