বাড়ির পরিবেশ বা আমেজ বদলাতে সব সময় বড় ধরনের সংস্কার, নতুন আসবাবপত্র কেনা কিংবা নতুন করে রং করার প্রয়োজন হয় না। ঘরের কোনো খালি কোণকে প্রাণবন্ত করে তুলতে বা তীক্ষ্ণ কোণগুলোকে কোমল রূপ দিতে কয়েকটি গাছ রাখাই যথেষ্ট।
সাধারণ সাজসজ্জার জিনিসের চেয়ে ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরের গাছগুলো অনেক বেশি জীবন্ত মনে হয়। এগুলো প্রাকৃতিকভাবে ঘরে এক ধরনের বুনট বা টেক্সচার যোগ করে, সূর্যের আলোয় চমৎকার ছায়া তৈরি করে এবং মনে প্রশান্তি এনে দেয়, যা কোনো জড় বস্তু দিতে পারে না। আপনার রুচি যেমনই হোক না কেন, ভিন্ন ভিন্ন আকার ও আকৃতির গাছ বেছে নিলে ঘরের সৌন্দর্য পুরোপুরি বদলে যেতে পারে।
ফিডল লিফ ফিগ কোনো ঘরকে একঘেয়ে বা ছাদ নিচু মনে হলে ফিডল লিফ ফিগ গাছটি তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান করতে পারে। লম্বা, সরু কাণ্ড এবং বেহালার আকৃতির বিশাল পাতার জন্য ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে এটি বেশ জনপ্রিয়। গাছটি ঘরের ভেতর অনেকটা জীবন্ত আসবাবের মতো কাজ করে। এর দীর্ঘ ও সোজা গঠন দৃষ্টিকে ওপরের দিকে টেনে নেয়, ফলে ঘরের ছাদকে আরও উঁচু মনে হয়। এটি সোফা, মিডিয়া ইউনিট বা বড় জানালার পাশের খালি জায়গাগুলো সুন্দরভাবে পূর্ণ করে তোলে। এ ছাড়া এর গাঢ় ও চকচকে পাতার শিরা-উপশিরা সাধারণ রঙের দেয়ালের বিপরীতে এক ধরনের গভীরতা তৈরি করে। গাছটির সৌন্দর্য আরও ফুটিয়ে তুলতে এটিকে একটি বেতের ঝুড়ি বা ম্যাট সিরামিক টবে রেখে পূর্ব বা দক্ষিণমুখী জানালার কাছে রাখুন। সেখানে সরাসরি কড়া রোদ ছাড়াই পর্যাপ্ত উজ্জ্বল আলো পাওয়া যাবে এবং বারবার গাছটির জায়গা বদলানোর প্রয়োজন পড়বে না।
মনস্টেরা ডেলিসিওসা ‘সুইস চিজ প্ল্যান্ট’ নামেও পরিচিত এই গাছটি প্রতিদিনের জীবনযাপনে রিসোর্টের মতো এক চমৎকার আমেজ নিয়ে আসে। গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর প্রশস্ত, হৃৎপিণ্ডাকৃতির পাতায় প্রাকৃতিকভাবেই বিভিন্ন ফাটল ও ছিদ্র তৈরি হয়। সূর্যের আলো যখন এই পাতার ভেতর দিয়ে আসে, তখন দেয়াল ও মেঝেতে আকর্ষণীয় ছায়ার নকশা তৈরি হয়। এর ছড়ানো পাতাগুলো মুহূর্তেই একটি প্রাণবন্ত ও আরামদায়ক পরিবেশ গড়ে তোলে। ‘মিড-সেঞ্চুরি মডার্ন’ ঘরানার কাঠের আসবাব, লিনেন কাপড় এবং মাটির কাছাকাছি রঙের সাজসজ্জার সঙ্গে এটি দারুণভাবে মানিয়ে যায়। বসার ঘর (লিভিং রুম) বা সূর্যের আলো আসা কোনো করিডোরে পর্যাপ্ত জায়গা থাকলে এর পাতাগুলো প্রাকৃতিকভাবে ছড়িয়ে পড়তে পারে। আবার গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটি ‘মস পোল’ বা শ্যাওলাযুক্ত খুঁটি ব্যবহার করলে এটি তার ওপর বেয়ে ওপরে উঠে ঘন সবুজ স্তম্ভের রূপ নিতে পারে।
স্নেক প্ল্যান্ট যেসব জায়গায় অহেতুক ভিড় বা বিশৃঙ্খলা ছাড়াই পরিচ্ছন্ন ও গোছানো রূপ প্রয়োজন, সেখানে স্নেক প্ল্যান্টের কোনো তুলনা নেই। এর শক্ত, তলোয়ারের মতো পাতাগুলো সোজা ওপরের দিকে গুচ্ছাকারে বেড়ে ওঠে। পাতাগুলোর গায়ে প্রায়ই পান্না সবুজ, রুপালি-সবুজ এবং ক্রিম-হলুদ রঙের বৈচিত্র্যময় নকশা দেখা যায়। মেঝেতে খুব সামান্য জায়গা নেয় বলে সরু করিডোর, বিছানার পাশে কিংবা মিনিমালিস্ট ঘরোয়া অফিসে এটি সহজেই মানিয়ে যায়। এর সুনির্দিষ্ট জ্যামিতিক গঠন সমসাময়িক (কনটেম্পোরারি) এবং স্ক্যান্ডিনেভিয়ান ঘরানার সাজসজ্জার সঙ্গে বেশ খাপ খেয়ে যায়। একটি মাঝারি আকারের স্নেক প্ল্যান্ট কাঠের বা ধাতব স্ট্যান্ডের ওপর রাখলে ঘরের সৌন্দর্যে বিশেষ মাত্রা যোগ হয়। এটি অত্যন্ত সহনশীল একটি গাছ; উজ্জ্বল পরোক্ষ আলো কিংবা অন্ধকার কোণ—যেকোনো পরিবেশেই এটি তার সুগঠিত রূপ ধরে রাখতে পারে।
গোল্ডেন পোথোস ঘরের ভেতরে বইয়ের তাক, রান্নাঘরের ক্যাবিনেট, আলমারির ওপরের অংশ বা জানালার কার্নিশের মতো অনেক শক্ত ও সমতল জায়গা থাকে। গোল্ডেন পোথোস তার হৃৎপিণ্ডাকৃতির, সবুজ ও সোনালি রঙের মার্বেল নকশাযুক্ত লতাগুলো নিচের দিকে ছড়িয়ে দিয়ে সেই কঠোর প্রান্তগুলোকে কোমল করে তোলে। লতানো এই গাছ ওপর থেকে এক ধরনের গতিশীলতা নিয়ে আসে এবং দেয়ালের উপরের খালি অংশগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে। এটি ঘর বা বারান্দায় একটি আরামদায়ক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। কোনো তাকের ওপর বা বাথরুমের কার্নিশে একটি টব রেখে লতাগুলোকে স্বাভাবিকভাবে ঝুলে পড়তে দিন। চাইলে দেয়ালের হুকের সাহায্যে লতাগুলো আলতো করে সাজিয়ে নিতে পারেন; এতে দরজা বা জানালার চারপাশ সবুজে ঘেরা একটি ফ্রেমের মতো দেখাবে।
রাবার প্ল্যান্ট ঘরের ভেতর রাখা বেশির ভাগ গাছই কেবল সবুজ রঙের হয়, তবে রাবার প্ল্যান্ট কিছুটা আলাদা। বিশেষ করে এর বার্গান্ডি বা রুবি জাতগুলো গাঢ় মেরুন, চারকোল বা হালকা গোলাপি আভা নিয়ে আসে। এর পাতাগুলো বেশ পুরু ও চামড়ার মতো, যা আলো পড়লে চকচক করে। সাদা, বেইজ বা হালকা প্যাস্টেল রঙের ঘরে এই গাছটি একটি শক্তিশালী আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। রাবার প্ল্যান্টের জন্য হালকা টেরাকোটা, ট্রাভারটাইন (পাথরসদৃশ) বা অফ-হোয়াইট রঙের টব বেছে নিতে পারেন; এতে পাতার গাঢ় রং আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। গাছটিকে মাঝারি বা পরোক্ষ আলো পাওয়া যায় এমন জায়গায় রাখুন এবং মাঝেমধ্যে একটি ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিন। এতে পাতাগুলো চকচকে ও সতেজ থাকবে।