লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

লন্ডন পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ না করা হলেও তাদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে বলে জানানো হয়েছে। তবে অধিকতর তদন্ত চলাকালে গ্রেপ্তার ৬ জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের রোমফোর্ডে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এই হামলার ঘটনা ঘটে। সে সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাহিদ ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।