চিকিৎসা নিতে বাংলাদেশিদের মধ্যে বিদেশমুখী প্রবণতা বাড়ছে। সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশিরা ৫০০ কোটি ডলার খরচ করছেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে।
তবে এই তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হিসাবের মিল নেই। সংস্থাটির তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় সাত বছরে বাংলাদেশিরা চিকিৎসার জন্য বিদেশে নিয়েছেন মাত্র ৫ কোটি ডলার। এর মধ্যে শুধু ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই বিদেশে নেওয়া হয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার, যা আগের ছয় অর্থবছরের মোট পরিমাণের চেয়েও বেশি।
বিশ্লেষকেরা মনে করছেন, বিদেশে চিকিৎসা ব্যয়ের বড় অংশই অবৈধভাবে হুন্ডির মাধ্যমে যাচ্ছে।
বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, ‘যারা চিকিৎসার জন্য টাকাপয়সা নেয়, তারা যদি পাচারের উদ্দেশ্যে নেয়, তাহলে তো ব্যাংকে আসবে না। তারা পাচারের উদ্দেশ্যে নিলে হুন্ডিওয়ালাদের মাধ্যমে পাঠাবে। কিন্তু যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমী, যারা পাচার নয় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে যাবে।’
এদিকে বৈধ চ্যানেলের মাধ্যমে চিকিৎসার খরচ বিদেশে নেওয়ার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমতি ছাড়াই জনপ্রতি ৩০ হাজার ডলার বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগে এই সীমা ছিল অর্ধেক, অর্থাৎ ১৫ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘আমাদের এখন রিজার্ভও বেড়েছে। আমরাও চেয়েছি লোক প্রকৃত চিকিৎসার জন্য যদি নিতে চায়, তাহলে অফিশিয়াল চ্যানেলে যাতে টাকাগুলো নিতে পারে। সে জন্য এই সীমাটাকে আগের চেয়ে একটু বাড়ানো হয়েছে।’
অন্যদিকে চিকিৎসা বাবদ দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও এই খাতে দেশে কোনো বৈদেশিক মুদ্রা আসেনি।