মূল লেখায় যান
এই সময়

রাত ১০:৪৪

সর্বশেষ

বৈরী আবহাওয়ায় বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজি সরবরাহ কিছুটা কমেছে
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজি সরবরাহ কিছুটা কমেছে

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। এতে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম বেড়েছে। পাশাপাশি মাছের দামও কেজিতে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে শীতকালীন অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে এবং ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা কাঁচাবাজার ও উলন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত দুই দিনের তুলনায় আজ বাজারে ক্রেতাদের উপস্থিতিও কিছুটা বেশি ছিল।

বাজারে আজ প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়, যা দুই দিন আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। শিমের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ৭০ টাকা হয়েছে। আর তিন দিন আগে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো আজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

সবজি বিক্রেতা সোহাগ আহম্মেদ বলেন, বাজারে শীতের অধিকাংশ সবজির সরবরাহ বেড়েছে। তবে গত দুই দিন টানা বৃষ্টির কারণে সরবরাহ অনেক কমে গেছে। এতে ফুলকপি ও শিমসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। বৃষ্টি কমলে সরবরাহ বাড়বে এবং দাম আবার কমে আসবে বলে আশা করছেন তিনি।

এদিকে মাছের বাজারেও বাড়তি দাম দেখা গেছে। রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঘাটে মাছের সরবরাহ কম থাকায় আজ অধিকাংশ মাছ কেজিতে ৫০ টাকা বেশি দামে কিনতে হয়েছে। বাজারে দুই কেজির বেশি ওজনের রুই মাছ ৪৫০ টাকা, তিন কেজির বেশি ওজনের কাতলা ৫০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা এবং পাবদা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙাশ ও তেলাপিয়ার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২৮০ টাকা হয়েছে।

তবে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। আজ প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায় এবং প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায়।

মো. আমিন নামে এক ক্রেতা জানান, দুই দিন পর আজ বাজারে এসে তিনি সবজি ও মাছের দাম বাড়তি দেখছেন। আবহাওয়া খারাপ থাকায় দাম কিছুটা বেড়েছে বলে দোকানদারেরা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন