কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে এই ঐক্যের জন্য সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখবে দলটি।
বিএনপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, যাঁদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তাঁদের পালিয়ে বেড়াতে হয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা যায় কি না, তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে। তবে এখনই সরকারকে পদত্যাগ করতে বলছেন না জানিয়ে তিনি বলেন, তাঁরা চান সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাস করা গেলেও তা টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করা এবং সরকারি দল ও বিরোধী দল মিলে তা পাস করা।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অতীত প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, ভারত থেকে সাত বছরের প্রশিক্ষণ নিয়ে দেশে আসা সালাহউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তিনি অন্যদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার হাতে যখন পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, তখন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখা কেবলই দিবাস্বপ্ন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়িত হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের সময় কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর গাড়ি ভাঙচুর কিংবা তাঁদের বাড়িতে হামলা করা হয়নি। অথচ বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে বাঁচাতে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর সেই ঐক্যের জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল, আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে। কিন্তু এখন আওয়ামী লীগের নৈরাজ্যের মুখে সরকারকে পড়তে হচ্ছে। জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে পাড়া-মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছিল। এ কারণে এখন বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে। অথচ বিএনপি সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা এবং সরকারকে ব্যর্থ করে দেওয়া। গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়েও সমালোচনা করেন নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকার তলে তলে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।