বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে, তা একান্তভাবেই দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে নয়াদিল্লি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি ভারতকে দায়ী করে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি চলমান এই রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন।
ব্রিফিংয়ে সাংবাদিকেরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আবারও তুলে ধরেন তিনি।

