বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটে ফিক্সিংয়ের অভিযোগ যেন পিছু ছাড়ছেই না। একের পর এক তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বড় পরিসরের তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরও বন্ধ হয়নি অনিয়ম। সর্বশেষ দুই আসরে ফিক্সিংয়ের অভিযোগে ১০ জনের নাম সামনে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে বোর্ড। বাকিরা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে ট্রাইব্যুনালের।
গত দুই মৌসুমে বিপিএলে ফিক্সিং নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্যোগে গঠন করা হয় তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বাধীন ওই কমিটি প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে বিপিএলের নিলাম থেকে বাইরে রাখে। তবে এত বড় তদন্তের পরও টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগের পুনরাবৃত্তি থামেনি।
বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ১২তম বিপিএলের নিলামে নয়জন ক্রিকেটারকে বাইরে রাখে। তাঁরা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সঞ্জামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন। তবে আগের তদন্ত প্রতিবেদনের সুপারিশ ও অভিযোগের বিষয়গুলো নতুন বোর্ড কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান অবশ্য জানিয়েছিলেন, ওই নয় ক্রিকেটারের ওপর নজরদারি রাখা হবে। কিন্তু এরপরও ১২তম বিপিএল ঘিরে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসে।
অভিযোগের তালিকায় ক্রিকেটার, কর্মকর্তা ও মালিকপক্ষ
সর্বশেষ তিন দফায় ফিক্সিংয়ের অভিযোগে ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। তাঁদের সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। বিসিবির তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। অভিযোগ স্বীকার করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটানসের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহমালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ কর্মকর্তা জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক মুখলেছুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে।
তদন্ত চলছে আরও কয়েকজনকে ঘিরে
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্ত এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরও কয়েকজনের বিরুদ্ধে ফিক্সিং-সংশ্লিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
বিসিবির প্রচলিত বিধিমালা অনুযায়ী, ইন্টেগ্রিটি ইউনিট অভিযোগ তদন্ত করতে পারে। তবে অভিযুক্তদের নাম প্রকাশ এবং শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিসিবির। ফলে তদন্তের ফলাফল, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ নতুন নয়। তবে ধারাবাহিক তদন্ত, বড় পরিসরের প্রতিবেদন এবং অভিযুক্তদের সাময়িক নিষেধাজ্ঞার পরও একই ধরনের অভিযোগ সামনে আসায় টুর্নামেন্টটির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বিপিএলের ভাবমূর্তি সংকট আরও গভীর হতে পারে।