সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বিতরণ করা ওষুধের অপচয় ও অনিয়ম ঠেকাতে দেশের সব সরকারি হাসপাতালের ফার্মেসিকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ওষুধ বিতরণ থেকে শুরু করে চিকিৎসকের ব্যবস্থাপত্র পর্যন্ত স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ওষুধ বিতরণের ক্ষেত্রে অপচয় রোধ এবং প্রকৃত রোগীদের কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে দেশের সরকারি হাসপাতালগুলোর ফার্মেসিকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এর ফলে ওষুধের সরবরাহ ও বিতরণব্যবস্থায় সমন্বয় বাড়বে এবং বিনামূল্যে দেওয়া ওষুধের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়। এতে চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। ফলে রোগীর চিকিৎসার তথ্য এবং চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রমও ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষার পাঠ্যক্রমকে সময়োপযোগী করা প্রয়োজন।
কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। কিন্তু অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকেরও এ বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যাপক ডা. দিলারা আলো।
এতে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজার সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।