মূল লেখায় যান
এই সময়

সকাল ১০:৪৩

সর্বশেষ

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, বেশ কয়েকজন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মিনিটে পড়ুন

শেয়ার
লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, বেশ কয়েকজন নিহত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হন। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল রোববার ভোরের দিকে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা অবস্থায় জাহাজটিতে এ হামলা চালানো হয়।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা ছবিতে দেখা গেছে, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে; কেবল সামনের অংশটি (বো) পানির ওপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামোর কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বেনগাজির বন্দর সূত্র জানিয়েছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাতে সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে। লিবিয়ার বেনগাজিভিত্তিক সরকার আগেই জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য জাহাজটি সেখানে নোঙর করেছিল।

রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে রোববার সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, “বেনগাজি উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।” তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। অন্যদিকে রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমানবাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

আন্তর্জাতিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়া হামলার পর বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে একটি তদন্ত শুরু করেছে। হামলার পরিস্থিতি, এর উৎস এবং নেপথ্যে কারা রয়েছে তা উদ্‌ঘাটন করাই এই তদন্তের উদ্দেশ্য। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি সুরক্ষিত করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন এই হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে তারা।

পূর্বাঞ্চলভিত্তিক লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, এই হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য তার সরকার জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, “এমন সন্দেহ রয়েছে যে নৌকাগুলো পশ্চিম লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা প্রয়োজন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত।”

এর আগে গত মার্চ মাসে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন। আর গত ডিসেম্বরে ইউক্রেন জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে তারা আকাশপথে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আবদুলরাজাক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, লিবিয়ার বন্দরে হওয়া এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকার সম্ভাবনাই বেশি। তিনি বলেন, “গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং ত্রিপোলিভিত্তিক সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর আওতায় সেখানে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার কথা ছিল এবং বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের সামরিক দক্ষতা ও সহায়তা পাওয়ার কথা ছিল।”

আবদুলরাজাকের মতে, লিবিয়ায় চালানো এই হামলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের একটি প্রভাব। এটি সেই বিষয়েরই সর্বশেষ উদাহরণ, যাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে ‘রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করে আসছেন।

উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও ওই বছরের শেষ দিকে নিহত হওয়ার পর থেকেই লিবিয়া বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত একটি সরকার এবং পূর্বাঞ্চলের বেনগাজিতে একটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে। তেলসমৃদ্ধ দেশ লিবিয়া রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

খবরটি শেয়ার করুন