প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর পদক্ষেপের ওপর নির্ভর করছে। কার্যকর উদ্যোগ নিলেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলা যাবে।
বৈঠকে সরকারপ্রধানকে দেওয়া পরামর্শের কথা তুলে ধরে নাহিদ ইসলাম জানান, ঐক্য প্রক্রিয়ার জন্য সংস্কারকে এজেন্ডা হিসেবে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথাও বলেছেন তিনি।
আওয়ামী লীগ ও জুলাইয়ের গণহত্যার বিচার প্রশ্নে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, তা দ্রুত কার্যকর করার দাবিও জানান তিনি।
আওয়ামী লীগ প্রশ্নে সরকারের দায়িত্ব বেশি মন্তব্য করে প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি দেশে একটি জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া বৈঠকে গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের বিষয়েও কথা হয়েছে।
বৈঠক শেষে ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, দেশে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে সরাসরি ভারতের সংযোগ রয়েছে এবং আন্তর্জাতিকভাবেও তারা এটি নিয়ে কাজ করছে। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ দেশে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন এবং জায়গা-জমি দখল হয়েছে আওয়ামী লীগের আমলে। এ সময় ভারত যে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছে, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।