ঢাকা কলেজের হলপাড়ায় মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক শিক্ষার্থীরা হলেন—ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখন, উচ্চমাধ্যমিকের সাবেক ২৬ ব্যাচের শিক্ষার্থী আফেল ও মিনার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তাঁদের রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দেন। তাঁদের দাবি, আটককৃতদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
জানা যায়, কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনার প্রতিবাদে মধ্যরাতে বিজয়-২৪ হলের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে হল প্রোভোস্টের উপস্থিতিতে হলটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিজয়-২৪ হল থেকে দুজন, দক্ষিণ ছাত্রাবাস থেকে একজন এবং এইচএসসি-২৬ ব্যাচের একজনকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজের নেতা সজীব উদ্দীন বলেন, ‘মূলত রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের জন্যই তারা এসব করেছে। দুই দিন আগে তারা ককটেল নিয়ে আসে। ককটেলগুলো পাঠিয়েছে ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব। আর বাকিরা সবাই ইন্টারমিডিয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাদের মধ্যে আফেল ও মিনার ককটেল নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত ছিল। দ্বিতীয় বর্ষের আরও দুই শিক্ষার্থী ককটেলগুলো নিয়ে আসে। তাদের কাজ ছিল ককটেল নিক্ষেপ করা এবং তারা ককটেল নিক্ষেপও করেছে।’
তিনি আরও জানান, ককটেল পাঠানো নাহিদুল ইসলাম নীরব রাজধানীর আজিমপুরে থাকেন এবং ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। তবে তিনিই মূল পরিকল্পনাকারী বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় আফেল ও মিনারসহ চারজনকে থানায় দেওয়া হয়েছে।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে কিছু উদ্ধার করা যায়নি।
তিনি আরও জানান, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছেন। তাঁদের মধ্যে শিখন নামে এক শিক্ষার্থীকে আগের একটি ঘটনায় ব্যবস্থা নিয়ে আগেই বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। শিখনকে ইতিমধ্যে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে উপাধ্যক্ষ বলেন, তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।