কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এ বছর প্রাথমিক পর্যায়ের ওষুধ তৈরির কাজকে ব্যাপকভাবে গতিশীল করেছে বলে জানিয়েছেন বিশ্বের বৃহত্তম কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার শীর্ষ বিজ্ঞানীরা। তাঁদের মতে, এর ফলে নতুন অণু উৎপাদন এবং সেগুলোকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যাওয়ার সময় প্রায় অর্ধেক কমে এসেছে।
ঐতিহাসিকভাবে প্রচলিত পদ্ধতিতে তৈরি প্রায় ১০টির মধ্যে ৯টি ওষুধই ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যর্থ হয়। শিল্প লবি গ্রুপ পিএইচআরএমএ-এর (PhRMA) তথ্য অনুযায়ী, একটি ওষুধ বাজারে আনতে শত শত কোটি ডলার খরচ এবং ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, তাঁরা এখন আর নিয়ন্ত্রক ফাইলিং প্রস্তুত করার মতো কম আকর্ষণীয় কাজেই এআইকে সীমাবদ্ধ রাখছেন না। বরং নতুন অণুর নকশা তৈরি, সবচেয়ে সম্ভাবনাময় অণু বাছাই এবং নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করছেন।
অ্যাস্ট্রাজেনেকার নির্বাহী শ্যারন বার বলেন, ‘আবিষ্কার থেকে শুরু করে উন্নয়ন পর্যন্ত প্রক্রিয়ার এমন কোনো পর্যায় নেই, যেখানে আমরা এআই ব্যবহার করছি না।’
ওষুধ কোম্পানিগুলোর বিজ্ঞানীরা জানান, তাঁদের এআই প্রোগ্রামগুলো ইতিমধ্যেই সুনির্দিষ্ট ফল দিতে শুরু করেছে। নোভার্টিসের এআই টুলগুলো তাদের কিডনি রোগের চিকিৎসার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত পাঁচটি টার্গেট খুঁজে পেতে সাহায্য করেছে। নোভার্টিসের বায়োমেডিকেল রিসার্চের প্রেসিডেন্ট ফিওনা মার্শাল জানান, প্রকল্প শুরু থেকে একটি সম্ভাব্য ওষুধ তৈরি পর্যন্ত গড় সময় তিন বছর থেকে কমে প্রায় ১৮ মাস থেকে দুই বছরে নেমে এসেছে। তাঁর মতে, ‘আমাদের কাছে প্রচুর ডেটা ছিল এবং এখন আমরা সেই ডেটা আরও অনেক উন্নত উপায়ে ব্যবহার করতে পারি।’
প্রাথমিক জীববিজ্ঞানকে ক্লিনিক্যাল সিদ্ধান্তে রূপান্তর করতে এআই-সক্ষম পদ্ধতি ব্যবহার করে সানোফি হাঁপানির ওষুধ তৈরিতে অন্তত এক বছর সময় বাঁচিয়েছে। এর ফলে কোম্পানিটি ডোজ-নির্ধারণী গবেষণা এড়িয়ে যেতে পেরেছে। সানোফি আরঅ্যান্ডডির কম্পিউটেশনাল ও এআই কৌশলের বৈশ্বিক প্রধান ম্যাট ট্রুপো আশা করেন, এআই দুই বছরের মধ্যে ১০০টিরও বেশি ওষুধ উন্নয়ন কর্মসূচিতে প্রাথমিক আবিষ্কারের সময়সীমা ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনবে এবং পাঁচ বছরের মধ্যে তা সম্ভবত অর্ধেকে নামিয়ে আনবে।
এদিকে ব্রিস্টল মায়ার্স জানিয়েছে, এআই সিস্টেম ছাড়া তাদের সিকেল সেল অ্যানিমিয়ার একটি পরীক্ষামূলক ওষুধ তৈরি করা সম্ভব হতো না। সংস্থাটির প্রধান গবেষণা কর্মকর্তা রবার্ট প্লেন্জ বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো এই মডেলগুলোকে ল্যাবরেটরি অটোমেশনের সঙ্গে যুক্ত করা, যাতে আরও ভালো ও উন্নত মানের অণু আরও দ্রুত তৈরি করা যায়।’
অন্যদিকে নোভো নরডিস্ক জানিয়েছে, এআই নতুন অণুর নকশা, উৎপাদন ও পরীক্ষার চক্রসংখ্যা প্রায় আট থেকে কমিয়ে তিনে এনেছে এবং প্রতিটি চক্রের সময় আট সপ্তাহ থেকে কমিয়ে চার সপ্তাহে নামিয়ে এনেছে।
মার্চ মাসে গবেষকেরা ৬৯টি কোম্পানির অধীনে ১২৯টি সম্ভাব্য ওষুধ শনাক্ত করেছেন, যা আট মাস আগে ছিল প্রায় ১১৭টি। তবে এর বেশির ভাগই এখনো প্রাথমিক পর্যায়ের উন্নয়নে রয়েছে।
এআইয়ের অগ্রগতি নিয়ে আশাবাদ থাকলেও কিছু সীমাবদ্ধতা ও সংশয়ের কথাও বলছেন বিশেষজ্ঞরা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ফেলো ড. ওয়াকাস হক বলেন, ‘আমি মনে করি আগামী ১, ২ বা ৩ বছরের মধ্যে প্রাক-ক্লিনিক্যাল পর্যায়ে তৈরি হওয়া এবং ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া এআই ওষুধের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাব। তবে আমি জানি না এই ওষুধগুলো নন-এআই ওষুধের চেয়ে বেশি সফল হবে কি না এবং আমার মনে হয় না এগুলো আরও দ্রুত অনুমোদন পাবে।’ এর কারণ হিসেবে তিনি মানবদেহে পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।
এ ছাড়া লিলির টিউনল্যাব পরিচালনাকারী আলিজা অ্যাপল মনে করেন, অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদি এবং অ্যালফাবেটের আইসোমরফিক ল্যাবসের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিদের করা ‘প্রযুক্তিটি সব রোগ নিরাময় করতে সক্ষম’—এমন দাবি বর্তমান সক্ষমতাকে অতিরঞ্জিত করে। তাঁর ভাষায়, ‘তাঁরা যদি একজনকে সুস্থ করতে পারেন, তাহলে খুব ভালো হয়; এরপর বাকিগুলো নিয়ে কথা বলা যাবে।’
এদিকে অ্যানথ্রোপিক এই সপ্তাহে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী, অংশীদার বা উভয়ই হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার নাসডাকে শেয়ার লেনদেন শুরু হওয়ার আগে অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদি জানান, তাঁর বাবা একটি রোগের নিরাময় আবিষ্কারের ঠিক আগে মারা গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে এআইয়ের মাধ্যমে এই প্রক্রিয়াগুলোকে যথেষ্ট ত্বরান্বিত করা সম্ভব। আমরা আশা করি, ভবিষ্যতে কমসংখ্যক পরিবারই কয়েক বছরের জন্য নিরাময় থেকে বঞ্চিত হবে।’
ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যালামনাই ভেঞ্চারসের সিনিয়র প্রিন্সিপাল লুকা জিয়ানি বলেন, ‘অ্যানথ্রোপিক এবং এর প্রতিদ্বন্দ্বী ফ্রন্টিয়ার ল্যাবগুলো আরও ডেটা ও আরও বেশি কোম্পানি অধিগ্রহণ করতে চাইছে। আমার মনে হয় এটা কেবল শুরু।’
এআই কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্কের পরিবর্তন প্রসঙ্গে লিলির আলিজা অ্যাপল বলেন, ‘শুরুর দিকে আমরা অবশ্যই তাদের বিক্রেতা হিসেবেই দেখতাম। কিন্তু ক্রমশ আমরা তাদের সহযোগী হিসেবে দেখছি। এক বছর আগেও তারা কোনো প্রোগ্রাম করছিল না, আর এখন থেকে এক বছর পর কী হবে, তা কেউ বলতে পারে না।’
তবে সহযোগী হিসেবে দেখলেও ব্রিস্টল মায়ার্স, নোভো নরডিস্ক ও সানোফি কেউই তাদের নিজস্ব ডেটা এআই কোম্পানিগুলোকে দিচ্ছে না। কিছু বিজ্ঞানী মনে করেন, কয়েক দশকের ওষুধ আবিষ্কারের অভিজ্ঞতা এবং নিজস্ব ডেটাই তাঁদের অ্যানথ্রোপিকের মতো কোম্পানিগুলোর চেয়ে এগিয়ে রেখেছে। এ প্রসঙ্গে সানোফির ম্যাট ট্রুপো সতর্ক করে বলেন, ‘মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যদি আপনার কাছে ডেটা না থাকে, তাহলে এটি খুব দ্রুত ভেঙে পড়ে।’