মূল লেখায় যান
এই সময়

বিকেল ৩:৩৫

সর্বশেষ

ফিচার

লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মিনিটে পড়ুন

শেয়ার
হ্যারি কেইন
হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। গুরুতর এই চোটের কারণে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। শুক্রবার রাতে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে ধাক্কা লেগে এ চোট পান কেইন।

ম্যাচের ১৫তম মিনিটে মাইকেল অলিসের নিচু ক্রস থেকে আসা বলটির কাছে প্রথমে পৌঁছান কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিড। বক্সের মধ্যে বল ক্লিয়ার করার পর শ্মিডের পায়ের সঙ্গে ধাক্কা লাগে কেইনের বাঁ পায়ে এবং তিনি পড়ে যান। গুরুতর চোট পেয়ে ব্যথায় কাতরাতে থাকেন ইংলিশ এই স্ট্রাইকার। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর আর পারেননি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুই ফিজিওথেরাপিস্টের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, ‘শুক্রবার কোলনের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচে হ্যারি কেইনের বাঁ গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে। মেডিকেল বিভাগের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে ৩৩ বছর বয়সী এই ফুটবলার আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকবেন।’

কেইনের এই চোট নিঃসন্দেহে বায়ার্নের জন্য বড় ধাক্কা। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি। এরই মধ্যে ক্লাবটির হয়ে দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন এই স্ট্রাইকার।

গত মাসে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন কেইন। এর দুই সপ্তাহ আগে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিও করেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত বাভারিয়ান ক্লাবটিতে থাকবেন এই ইংলিশ তারকা।

খবরটি শেয়ার করুন