আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে। এ ছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হবে।
পিএসসি জানিয়েছে, দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। বিষয়টি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায়ও উল্লেখ রয়েছে।

