মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৪৭

ব্রেকিং নিউজ

জীবনানন্দ দাশের কাব্যভাবনা নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
জীবনানন্দ দাশের কাব্যভাবনা নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘কবি জীবনানন্দ: কাব্যস্বরূপ ও শিল্পভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২৬) অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি ড. খালেদ হোসাইন।

বাংলা বিভাগের প্রধান ড. হাসান ফরিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এমএ রাজ্জাক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর সাজিয়া শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতি, প্রেম এবং মানুষের অস্তিত্বের অনুসন্ধান কীভাবে গভীরভাবে উঠে এসেছে, তা তুলে ধরেন। তিনি বলেন, বাংলা সাহিত্যে হাতেগোনা কয়েকজন শ্রেষ্ঠ কবির নাম নিতে হলে জীবনানন্দ দাশ অবশ্যই তাদের একজন। এই কবিকে নিয়ে গভীরভাবে গবেষণা করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক অধ্যাপক ও কবি ড. খালেদ হোসাইন আলোচনায় জীবনানন্দ দাশের কাব্যদর্শন, শিল্পসত্তা ও ব্যক্তিমানসের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, জীবনে আনন্দ থাকলে তবেই জীবনানন্দকে জানা সম্ভব এবং জটিল জীবনের ফাঁকফোকর দিয়েই জীবনকে উপলব্ধি করতে হয়। কবির অনুভবশক্তি সাধারণ মানুষের চেয়ে প্রখর উল্লেখ করে তিনি বলেন, কবিতা ও জীবন মূলত একই সত্তার দুটি ভিন্ন রূপ। জীবনানন্দ তার লেখনীতে ক্রমাগত দেশ থেকে বৈশ্বিক এবং বৈশ্বিক থেকে মহাবৈশ্বিক স্তরে উন্নীত হয়েছেন বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক কবি জীবনানন্দ দাশের কাব্যে প্রেমের স্বরূপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জীবনানন্দ দাশের কবিতায় প্রেমের যে অনন্য রূপ ফুটে উঠেছে, তার সঙ্গে পরোক্ষভাবে কবির আধুনিক যুগ ও সময়-সচেতনতা সম্পর্কিত ভাবনাও গভীরভাবে জড়িত।

বিশেষ অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবুল কাশেম মো. মহিউদ্দিন জীবনানন্দ দাশের কাব্যে প্রেমের স্বরূপের পাশাপাশি কবির নাগরিক চেতনা, ইতিহাসচেতনা এবং আধুনিক মানুষের একাকিত্ববোধের বিষয়গুলো তুলে ধরেন।

সভাপতি ড. হাসান ফরিদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটির সফল সমাপ্তি ঘটে। ##

খবরটি শেয়ার করুন