মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৪৬

ব্রেকিং নিউজ

একদিনে আরও ৬ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের হিড়িক, সরে দাঁড়ালেন ১৯ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের হিড়িক, সরে দাঁড়ালেন ১৯ নেতাকর্মী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদত্যাগের ধারাবাহিকতা থামছে না। গত কয়েক দিনের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার একযোগে পদত্যাগ করেছেন পাটগাতী ইউনিয়ন বিএনপির আরও ছয় নেতা। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশে অসন্তোষের কথা জানিয়ে তাঁরা দলের পদ-পদবির পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের পদত্যাগকারী নেতা-কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ওই ছয় নেতা। তাঁরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।

ছয় নেতার পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দেন। তাঁদের মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন। নতুন করে পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগে এ সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’

সহিংসতার পর একের পর এক পদত্যাগ

গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং একটি পুলিশ বক্সে ভাঙচুর করা হয়।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার পর থেকে দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। একই সময়ে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর গোপালগঞ্জে বিএনপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধারাবাহিক পদত্যাগ দলটির স্থানীয় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে পদত্যাগকারীরা তাঁদের লিখিত বক্তব্যে এসব সহিংসতার ঘটনাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেননি। তাঁরা দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশে অসন্তোষের কথা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন