মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৪৭

ব্রেকিং নিউজ

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা: আওয়ামী লীগকে সন্ত্রাসী ঘোষণার দাবি নাহিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় অনেক হামলাকারীকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম লেখেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে। ব্যাংকটির মালিকানা প্রসঙ্গে তিনি জানান, এর ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তার সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি। এ ছাড়া পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন