জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি দলের অপর দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন।
বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগ করছি।’
পদত্যাগের কারণ তুলে ধরে তিনি জানান, এ বছরের জুলাই মাসে নোয়াখালীতে এনসিপির দলীয় কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন নিজে এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা তাকে বিনা উসকানিতে অশ্রাব্য ভাষায় গালাগালি, অপমান ও অপদস্থ করেন। নোয়াখালীর রাজনীতিতে তাদের প্রথাগত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার পথে তার উপস্থিতি অস্বস্তিকর ছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তারা নানা উপায়ে তাকে হেনস্তা করে আসছিলেন এবং বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে বারবার জানিয়েছেন।
তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তারা রাজনৈতিক প্রতিযোগিতাকে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকিতে পরিণত করেন। এ বিষয়ে তিনি নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন এবং আহ্বায়কসহ দায়িত্বশীলদের একাধিকবার জানান। কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা ও বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগের নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছেন। তাই আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন করতে চান না। দলের নির্লিপ্ততায় তার সামনে দুটি বিকল্প ছিল—হান্নান মাসউদ ও নিজামদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ ও নোংরা রাজনীতি করা, অথবা সসম্মানে বিদায় নেওয়া। তিনি নির্দ্বিধায় দ্বিতীয়টি বেছে নিয়েছেন।
দলে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি সরাসরি রাজনীতির মানুষ না হলেও জুলাই-পূর্ব বাংলাদেশের চরম দুঃসময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তিনি প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছেন।
এ ছাড়া এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতেও সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছেন বলে জানান তিনি। দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার জন্য শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছেন। দলকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টায় খুব বেশি সফল না হওয়ায় হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখবে—এই বিশ্বাসে ধৈর্য ধরেছিলেন।
তবে এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, জাতীয় রাজনীতিতে এনসিপি তার প্রথম দল, প্রথম প্রেমের মতো। সেই ইতিহাস তিনি কখনো অস্বীকার করবেন না। নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহকে অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। একই সঙ্গে এনসিপির অসংখ্য সহকর্মীর চোখে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন জানিয়ে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রাখেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আশার দিক হচ্ছে, এনসিপিতে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের মতো দুর্বৃত্ত রাজনৈতিক চরিত্র এখনো সংখ্যায় কম। তবে দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই ধরনের চরিত্রগুলোই সংখ্যায় বেশি হবে। তিনি আশা প্রকাশ করেন, দলটি নিজেদের পরিশুদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং জবাবদিহির প্রশ্নে জিরো টলারেন্স দেখাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন, তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য এখনো নেই। বাংলাদেশের স্বার্থে অতীতে দলীয় পরিচয় ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। রাজনৈতিক দল একটি মাধ্যম মাত্র; চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশ ও তার মানুষের স্বার্থ। ভূরাজনৈতিকভাবে প্রতিকূল এক অঞ্চলে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক, মানবিক মর্যাদাসম্পন্ন, অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ এবং আত্মরক্ষায় সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যে দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানই আন্তরিকতা নিয়ে কাজ করবে, তিনি সর্বান্তঃকরণে তাদের পাশে থাকবেন।