জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন লাগার ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত বা প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় এই সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো আরও তদন্তের জন্য বলা হয়েছে।
এক দফা সময় বাড়ানোর পর আজ বুধবার ভোরে তদন্ত প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে ১৫ থেকে ২০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনটি সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না এবং এখন মন্ত্রণালয় কী পদক্ষেপ নেবে, তা তিনি বলতে পারবেন না বলেও জানান।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেদনে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কার কথা বলা হয়েছে। এভাবে সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম দাবি করে তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, প্রতিবেদনে এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে বাড়ির বাসিন্দা ও আশপাশের এলাকার বেশ কয়েকজনের দীর্ঘ বক্তব্য নেওয়া হয়েছে। তাদের বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এবং সবার বক্তব্য বিশ্লেষণ করে সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেয় কমিটি। গতকাল মঙ্গলবার ছিল বর্ধিত সময়ের শেষ দিন।
তদন্ত কমিটির অন্য তিন সদস্য হলেন—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।