মূল লেখায় যান
এই সময়

সন্ধ্যা ৭:৩৫

সর্বশেষ

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। একই সঙ্গে তিনি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেন।

জুলাই গণ-অভ্যুত্থান ও দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ ছাড়া দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে পাহাড় থেকে সমতল পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে নিজের মায়ের স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তার শেষ অংশগ্রহণ।

শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

খবরটি শেয়ার করুন