মূল লেখায় যান
এই সময়

রাত ১২:৪৭

অগ্নিসন্ত্রাসের নির্দেশ আসছে ওপার থেকে

স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত এলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জপ্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত এলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশকে ব্যবহার করে দেশে আগুন লাগানো ও নাশকতার চেষ্টা চলছে। তবে কোনো অবস্থাতেই এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, যেকোনো অপতৎপরতা তারা প্রতিহত করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। এখনো সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিও কলের মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। দেশে লুকিয়ে থাকা তাদের নেতাকর্মীদের ইন্ধন ও উসকানি দিয়ে নাশকতা এবং অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের চেষ্টা তাদের অতীত ইতিহাসেরই ধারাবাহিকতা। বিদেশের মাটি থেকে এসব অপতৎপরতা চালানোর চেষ্টা হলেও বাংলাদেশের মানুষ তা সফল হতে দেবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। কোনো পতিত শক্তিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।

পতিত শক্তির রাজনীতিতে ফেরার সুযোগ নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি যদি আবার রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনোদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। যারা অতীতে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে, তাদের অপতৎপরতা প্রতিহত করতে জনগণকে সজাগ থাকতে হবে।

স্বাধীনতা-সার্বভৌমত্বে ঐক্যের আহ্বান

রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ও মতের পার্থক্য থাকাকে গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে। মতের ভিন্নতা থাকবে, তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।

দুই দিনব্যাপী এ মাহফিল ও ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন