গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে সরকার ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো আবারও রাজপথে নামবে ছাত্র-জনতা।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের জনশক্তিকে চাঙা রাখতেই পলাতক খুনি হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে।
জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেন।