মূল লেখায় যান
এই সময়

বিকেল ৪:৪৪

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজা শপিং মলের ‘পূরবী জুয়েলার্স’ নামের একটি গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে চুরি করে। জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানিয়েছেন, দোকান থেকে আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানের গয়না চুরি করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, এ ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী আছেন। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে তিনি আরও জানান, ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে, যেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন বলে ফুটেজে স্পষ্ট দেখা গেছে।

এদিকে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে শপিং মলের চারজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন এই চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন