সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের দক্ষিণ সুরমার বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে একটি পিকআপ ভ্যানে এসে ‘খাজা মহল’ নামের ওই বাসভবনের টিনের চালে পেট্রল বোমা ছোড়ে তারা। এ সময় বাসভবনে থাকা লোকজন দ্রুত তৎপর হয়ে উঠলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন। তিনি জানান, সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এদিকে নিজের বাসভবনে পেট্রল বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য এম এ মালিক। এই হামলার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি, ভারতের দিল্লি থেকে হামলার পরিকল্পনা করা হচ্ছে এবং লন্ডন থেকে দেওয়া হচ্ছে উসকানি। এসব পরিকল্পনা ও উসকানির মাধ্যমে দেশের মানুষের বাসাবাড়িতে হামলা চালানো হচ্ছে।





