কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থলসীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এই নেতারা চলতি নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি আন্তর্জাতিক স্থলসীমান্তে গিয়েছিলেন। গত রোববার (২২ নভেম্বর) তারা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল অঞ্চলে এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তে যান।
শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে তার দলীয় নেতৃত্ব। এরই অংশ হিসেবে পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকায় এসব সফর করছেন। তবে কোন পরিকল্পনাটি চূড়ান্ত হবে, সেই সিদ্ধান্ত তাদের নেত্রীই নেবেন। এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, আখাউড়া সীমান্ত অঞ্চলে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন শীর্ষ নেতা গিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত অঞ্চলেও গিয়েছিলেন। তবে দুটি সীমান্ত এলাকাতেই তারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি; বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ত্রিপুরার সীমান্ত পরিদর্শনে যাওয়াদের মধ্যে অন্তত দুজন আগেই আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা।
স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের ওই নেতারা বৈঠক করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তারা সামনে থেকে না হলেও দূর থেকে ওই নেতাদের চলাচলের ওপর নজর রেখেছিলেন।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতাকর্মীর বরাতে বিবিসি বাংলা আরও জানিয়েছে, তাদের অনেকেই যেমন দেশে ফিরে গ্রেপ্তারের মতো যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছেন, তেমনি ইতিমধ্যেই কয়েক শ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ফিরেও গেছেন। গত দেড় মাসে দল ও ছাত্রলীগ-যুবলীগের মতো সহযোগী সংগঠনগুলোর নানা পর্যায়ের শ তিনেক তরুণ ও যুবক নেতাকর্মী দেশে ফিরেছেন।
নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার আগে থেকেই ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত বা অন্যান্য দেশে চলে যাওয়া বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কেউ কেউ বাংলাদেশে ফিরে যাচ্ছেন। ভারত ছাড়া অন্যান্য দেশে অবস্থান করা হাতে গোনা কয়েকজনও দেশে ফিরেছেন। তবে কারা ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছেন, সেই তথ্য দলটির নেতারা প্রকাশ করতে চাননি। তাদের আশঙ্কা, পরিচয় প্রকাশ পেলে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি ভারত। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রনধীর জয়সওয়াল আবারও বলেছেন, তারা বিষয়টি দেখছেন। যদিও ভারতের বিশ্লেষকরা বারবারই স্পষ্ট করেছেন যে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, এমন সম্ভাবনা নেই।
পাশাপাশি ল ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্টের যে আবেদন শেখ হাসিনা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে সরকার। ফলে আইনি পথে পলাতক হাসিনার দেশে ফেরার পথ এখনো দেখা যাচ্ছে না।