মূল লেখায় যান
এই সময়

দুপুর ১২:২৬

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ফাঁদে বাংলাদেশ?

বিপুল আমদানির বিনিময়েও মিলল না শুল্কমুক্ত সুবিধা!

তারেকুল ইসলাম সবুজ

প্রকাশ: ৭ মিনিটে পড়ুন

শেয়ার
বিপুল আমদানির বিনিময়েও মিলল না শুল্কমুক্ত সুবিধা!

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একের পর এক ছাড় দিয়েছে বাংলাদেশ। দেশটি থেকে আমদানি বাড়িয়েছে, বিপুল অর্থের জ্বালানি, তুলা, গম ও সয়াজাত পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে চার হাজার পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং আরও ২ হাজার ২১০টি পণ্যে পর্যায়ক্রমে শুল্ক কমাতেও সম্মত হয়েছে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এসবের বিনিময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রতিশ্রুত শুল্কমুক্ত সুবিধা এখনো কার্যকর হয়নি। উল্টো বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

শুধু তা-ই নয়, চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সুতা কেনার জন্যও বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে, শ্রমিকদের মজুরি কম এবং চীনের মতো তথাকথিত অ-বাজার অর্থনীতির দেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশটি বাণিজ্যিক সুবিধা নিচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের সামগ্রিক আমদানি ব্যয় বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫০ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশের বেশি। ওই অর্থবছরে দেশটি থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬০ কোটি ডলার, আগের অর্থবছরে যা ছিল ২৭২ কোটি ডলার। অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশের তৎপরতা স্পষ্ট। অথচ রপ্তানির ক্ষেত্রে প্রতিশ্রুত সুবিধা পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।

এক প্রান্তিকেই আমদানি বেড়েছে ১১৩ শতাংশ

বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক আমদানি তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ব্যয় আগের প্রান্তিকের তুলনায় ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে এই আমদানি ব্যয় ছিল ৬০ কোটি ৫৬ লাখ ডলার। অর্থাৎ মাত্র তিন মাসে আমদানি ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ।

এই বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ এসেছে জ্বালানি ও তেল আমদানির বাড়তি ব্যয় থেকে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। ২০২৫ সালের প্রথমার্ধে এর পরিমাণ ছিল ৩১ দশমিক ২৭ বিলিয়ন ঘনফুট।

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবছর সাত লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার বিষয়েও সমঝোতা হয়েছে। এর বাইরে মার্কিন প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত ১২ বছরে ১১৭টি এলএনজি কার্গো আমদানির চুক্তিও অনুমোদন করেছে সরকার। তবে এই চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য গত ৩০ এপ্রিল ৩৭০ কোটি ডলার বা প্রায় ৪৫ হাজার ৫১০ কোটি টাকার চুক্তি হয়েছে। ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করার কথা। বাকি ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে স্বাক্ষরিত হলেও সেগুলোর মূল্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার ৫০০ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। আরও ২ হাজার ২১০টি পণ্যের ওপর আগামী ১০ বছরে পর্যায়ক্রমে শুল্ক কমানো হবে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রাক্কলন অনুযায়ী, এসব ছাড়ের কারণে চলতি অর্থবছরে আমদানি শুল্ক বাবদ সরকারের রাজস্ব কমবে ১ হাজার ৩২৭ কোটি টাকা।

শুধু আমদানি বাড়ানো কিংবা শুল্কছাড় দেওয়াই নয়, মার্কিন পণ্য কেনার ক্ষেত্রে দাম নিয়েও প্রশ্ন উঠেছে। সরকার-থেকে-সরকার (জিটুজি) পর্যায়ে গম আমদানির ক্ষেত্রে গত ডিসেম্বরে প্রতি টনের দাম ছিল ৩১২ দশমিক ২৫ ডলার। নতুন করে চার লাখ ৪০ হাজার টন গম কেনার চুক্তিতে প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনা হচ্ছে।

প্রতিশ্রুত শুল্কমুক্ত সুবিধা এখনো অধরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যাশা ছিল, দেশটি থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া। চুক্তি অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে এই সুবিধা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। অথচ সুবিধাটি পাওয়ার আশায় বাংলাদেশের বস্ত্রকলগুলো যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়িয়েছে। তুলনামূলক বেশি দাম দিয়েও আমেরিকান তুলা কেনার পর এখন সেই সুবিধা না পাওয়ায় শিল্পসংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সময় থেকে যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি বলে দূতাবাসকে জানানো হয়েছে। জবাবে দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এখনো বিষয়টি নিয়ে কাজ করছে।

বিজিএমইএ সভাপতি জানান, প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কয়েকটি দেশকে ফাইবার আমদানির শর্ত দিয়েছিল। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ এ শর্তে রাজি না হওয়ায় পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুতা আমদানির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সুতা তুলনামূলক অনেক বেশি দামের। এই সুতা দিয়ে পোশাক তৈরি করে রপ্তানি করলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।

তিনি বলেন, দেশের বস্ত্রশিল্প এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে সুতা আমদানি করতে হলে শিল্পটি আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে।

এদিকে বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে কাঁচামাল ও উপকরণ আমদানির বিষয়টিও সামনে আনা হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণার আগের দিনই বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চীন থেকে কাঁচামাল আমদানির বিষয়টি বিবেচনায় নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতাও বুঝতে হবে। চীন থেকে আমদানি করা অনেক কাঁচামাল এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) আওতায় আসে। পাশাপাশি চীন থেকে আমদানি করা কাঁচামালে উৎপাদিত পোশাকের খুব সামান্য অংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় বলে দাবি তাঁদের। ফলে এ ধরনের আমদানিকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাকশিল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

চুক্তি নিয়ে আলোচনার সুযোগ দেখছে ঢাকা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাবের পর বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। দেশটির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বেশ কিছু বিষয়কে বাংলাদেশ অন্যায্য বলে মনে করে। সেসব বিষয় ভবিষ্যৎ আলোচনায় তুলে ধরা হবে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির শর্তগুলো নিয়ে শুরু থেকেই আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। বিশেষ করে বাংলাদেশের জন্য যেসব সুবিধা নিশ্চিত হওয়ার কথা ছিল, সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, তার স্পষ্ট নিশ্চয়তা থাকা দরকার ছিল।

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ফেব্রুয়ারিতে চুক্তিটি যেভাবে সাজানো হয়েছিল, তাতে নতুন শুল্কের হুমকি অপ্রত্যাশিত নয়। চুক্তির সময় যে ধরনের রাজনৈতিক সমঝোতা হয়েছিল, তাতে এ রকম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল। যাঁরা চুক্তিটি করেছিলেন, তাঁরাই তখন এটিকে কৌশলগত নয়, বরং লেনদেনভিত্তিক সমঝোতা হিসেবে উপস্থাপন করেছিলেন।

দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এখন বাংলাদেশ একটি জটিল পরিস্থিতিতে আটকে গেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ অবস্থায় বিচ্ছিন্নভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে সমন্বিত কৌশল গ্রহণ করা প্রয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের সাবেক মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি অনুমোদন বা রেটিফাই করেনি। তাঁর মতে, চুক্তিটি দ্রুত কার্যকর করতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেও নতুন শুল্কের প্রস্তাব আসতে পারে।

তিনি আরও জানান, নকল পোশাক তৈরি করে রপ্তানির অভিযোগেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আপত্তি তুলেছিল। এ বিষয়ে বাংলাদেশ জবাব দিলেও দেশটিকে ওয়াচলিস্টে রাখা হয়েছে। ফলে এ-সংক্রান্ত শুল্কের ঝুঁকিও পুরোপুরি কাটেনি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম বলেন, বাংলাদেশ চুক্তির আওতায় নিজেদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এগিয়েছে। কিন্তু বিনিময়ে যে সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো এখনো নিশ্চিত হয়নি। দেশের শিল্পের সক্ষমতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে দ্রুত কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নিজের বেলায় ভিন্ন নীতি

চীন ও রাশিয়াকে অ-বাজার অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে তৃতীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। অথচ নিজেদের অর্থনৈতিক স্বার্থে চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ওয়াশিংটন অনেক বেশি বাস্তববাদী অবস্থান নিচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই দ্বৈত নীতির বিষয়টিও বাংলাদেশের আলোচনায় সামনে আনা প্রয়োজন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরবর্তী সময়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে নিজেদের বাজারের স্বার্থে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ পদক্ষেপের পক্ষে যুক্তি দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষক, খামারি ও ট্রাকচালকদের জন্য ডিজেলের দাম কমানো তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার।

ওয়াশিংটনের এই নীতি পরিবর্তন ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বিরোধী ডেমোক্র্যাট দলের সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের যুক্তি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার কথা বললেও নিজেদের জ্বালানি চাহিদার ক্ষেত্রে সেই অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

চীনের সঙ্গেও বাণিজ্যের ক্ষেত্রে একই ধরনের বাস্তববাদী অবস্থান দেখা যাচ্ছে। ২০২৫ সালের এপ্রিলে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে চীন। পরে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে শুল্কযুদ্ধের সাময়িক অবসান হয়।

ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একাধিক বৈঠক এবং শুল্ক ছাড়ের ফলে ২০২৬ সালের আগস্ট নাগাদ চীনা পণ্যের ওপর গড় মার্কিন শুল্ক নেমে আসে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশে। একই সময়ে মার্কিন পণ্যের ওপর চীনের গড় শুল্ক দাঁড়ায় ৩১ দশমিক ৯ শতাংশে। এমনকি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কিছু জরুরি শুল্ক বাতিল করার পরও ২০২৬ সালের প্রথম নয় মাসে দুই দেশের পণ্যবাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি ছিল ৮ হাজার ৩৫০ কোটি ডলার এবং চীন থেকে আমদানি ২১ হাজার ৫০০ কোটি ডলার।

অর্থাৎ নিজেদের অর্থনৈতিক স্বার্থে চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে নানা ধরনের ছাড় ও সমঝোতায় যাচ্ছে যুক্তরাষ্ট্র। অথচ বাংলাদেশের মতো অপেক্ষাকৃত ছোট বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, কাঁচামাল আমদানি ও উৎপাদন সক্ষমতাকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের বিষয়েও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রস্তাবিত ১৮ শতাংশ শুল্ক বর্তমান শুল্কের সঙ্গে সরাসরি আরও ১৮ শতাংশ যোগ করার বিষয় নয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাবে বিদ্যমান সেকশন ৩০১ শুল্ক সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ করার কথা বলা হয়েছে। বর্তমানে প্রযোজ্য ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্কের ক্ষেত্রে প্রস্তাবটি কার্যকর হলে অতিরিক্ত বৃদ্ধির পরিমাণ হবে আট শতাংশ পয়েন্ট। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ২৫ জানুয়ারি ২০২৭ থেকে এ বিষয়ে শুনানি শুরুর কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন