স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল করা এবং ব্যাপক অর্থপাচারের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে এবং অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা। সে হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তবে অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।





