মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:১৯

চাঁদাবাজরা বিএনপির জন্য জঞ্জাল: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
চাঁদাবাজরা বিএনপির জন্য জঞ্জাল: আইনমন্ত্রী

বিএনপির মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। চাঁদাবাজদের দলের জন্য জঞ্জাল উল্লেখ করে তিনি বলেছেন, ‘তারা চাঁদাবাজি করবে আর বদনাম ছড়াবে বিএনপির। তাদের রাজনীতি করার অধিকার নেই, সমাজে টিকে থাকার অধিকারও নেই।’ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘গত ১৬ বছরে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘এই চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল। এরপর যদি কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে, চোখ-কান বুজে তাদের গ্রেপ্তার করতে হবে।’

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী। এ সময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। দেশের মানুষের শান্তির জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার ও সব হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।’

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন ও পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান প্রমুখ।

বিষয়:চাঁদাবাজ

খবরটি শেয়ার করুন