সিডর কিংবা আইলা, জলোচ্ছ্বাস কিংবা নদীভাঙন—জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যত ধরনেরই হোক না কেন, সব ক্ষেত্রেই সরাসরি ক্ষতির মুখে পড়েন প্রান্তিক মানুষেরা। কিন্তু দুর্যোগে নিঃস্ব হলেও জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে তারা বরাবরই অবহেলিত। তবে তুরস্কের আনতালিয়ায় সদ্য শেষ হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেখা গেছে ভিন্ন চিত্র। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি তরুণেরাই এবার বিশ্বমঞ্চে নিজেদের ও প্রান্তিক মানুষের দাবি তুলে ধরেছেন।
এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ গত বছরের তুলনায় ৫ গুণ বেড়েছে, যা সংখ্যায় ৫০ জনেরও বেশি। সম্মেলনে তারা জলবায়ু অর্থায়নে উপকূলীয় এলাকাকে গুরুত্ব দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি তুলেছেন।
এ বিষয়ে ক্লাইমেট ফ্রন্টিয়ারের নির্বাহী পরিচালক জানান, ‘২০০৭ সালের একটি ঝড় আমার জীবনে আঘাত হানে। সেই ঘটনা থেকেই আমার মনে প্রশ্ন জাগতে শুরু করে, আসলে কেন এমন ঘটনা ঘটছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও বন্যার মধ্য দিয়েই আমার ভয় ও উদ্বেগের শুরু। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি। এ বছরের লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের মাধ্যমে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি এবং সেখানকার মানুষের প্রতি যেন বিশেষ নজর দেওয়া হয়, সেই দাবি জানাচ্ছি। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলকে যেন অগ্রাধিকার দেওয়া হয়, সেটিও আমাদের প্রত্যাশা। প্রান্তিক পর্যায়ের তরুণ ও নাগরিকদের বিভিন্ন মতামত এক জায়গায় করে তাদের দাবি ও আমাদের প্রত্যাশাগুলো এই কপ সম্মেলনে তুলে ধরার চেষ্টা করছি।’
জলবায়ু ন্যায্যতা কর্মী ফারিহা অমি বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য সময়োপযোগী ও দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর চাই। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন চাই। তবে সেই অর্থায়ন অবশ্যই ঋণ হিসেবে দেওয়া যাবে না, বরং অনুদান হিসেবে দিতে হবে।’ অন্যদিকে সাইদুর রহমান বলেন, ‘দুর্যোগ মোকাবিলার জন্য যেমন আমাদের অর্থায়ন প্রয়োজন, তেমনি জলবায়ু দুর্যোগের স্থায়ী সমাধানে আন্তর্জাতিকভাবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরও জরুরি।’
সমন্বয় করা গেলে তরুণেরাই বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্তি হবে উল্লেখ করে জলবায়ুকর্মী সোহানুর রহমান বলেন, ‘এটি আমার ষষ্ঠ কপ। আমি যখন প্রথম গ্লাসগোতে গিয়েছিলাম, তখন সেখানে মাত্র ৪ থেকে ৫ জন তরুণ ছিলেন। অনেক ক্ষেত্রেই সমন্বয়ের অভাব রয়েছে। আমরা যদি এই সমন্বয় আরও শক্তিশালী করতে পারি, তাহলে বাংলাদেশের জলবায়ু সুবিচারের আন্দোলনকে আরও শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারব।’
তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘তরুণদের সম্পৃক্ততা বাড়ার বিষয়টিকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। এখন থেকেই তারা যদি জলবায়ু পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক ভিত্তি এবং এর সমাধানের বিজ্ঞানভিত্তিক দিকগুলো বুঝতে পারে, তাহলে ভবিষ্যতে যখন তারা নেতৃত্বে যাবে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃত্বেও আসবে, তখন এ সমস্যা সমাধানের জন্য তাদের আর কারও কাছ থেকে পরামর্শ নিতে হবে না। তারাই এর সমাধান করতে পারবে।’
ভবিষ্যতে জলবায়ুর ঘাত প্রতিরোধে নারী ও তরুণদের সম্পৃক্ততা আরও বাড়াতে চায় বাংলাদেশ। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘এবার আমাদের প্যাভিলিয়নের দিকে তাকালেই দেখা যাবে, এর সব কার্যক্রমই তরুণেরা পরিচালনা করছে। ভবিষ্যতে তরুণেরা যেন এ বিষয়ে আরও আগ্রহী হয় এবং আরও বেশি করে এর সঙ্গে যুক্ত হয়, সে জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’