ইতিহাস বিকৃতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবস্থিত শিক্ষক ফোরামের কার্যালয়ের সামনে মিছিল শেষে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের অভিযোগ, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত ফোরামের একটি ক্রোড়পত্রে স্বাধীনতার ঘোষণা ও দেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘জিয়ার স্মরণে ভয় করি না মরণে’ এবং ‘বিচার চাই, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসের ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ২৬ মার্চের প্রেক্ষাপট কৌশলে আড়াল করা হয়েছে। ২৬ মার্চ দেশের প্রয়োজনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘লগি-বৈঠার তাণ্ডবে বিএনপির নেতাকর্মীসহ দেশপ্রেমিক মানুষদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনাকে তারা অভিযোগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বীকৃত বিষয়টিকেও অবমাননা করার চেষ্টা করা হয়েছে। ক্রোড়পত্রে একাধিক ক্ষেত্রে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে।’
ক্রোড়পত্রের লেখা তৈরির সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিন শিক্ষকের নাম উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। তারা হলেন ফোকলোর বিভাগের আব্দুল মান্নান, ফিশারিজ বিভাগের ডিন আব্দুল মণ্ডল এবং পরিবহন প্রশাসক আব্দুল মান্নান।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাহী বলেন, ‘ক্রোড়পত্রের লেখার সঙ্গে জড়িত ব্যক্তিদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তাদের সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে।’
এ ছাড়া ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন রাহী। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষক ফোরামের কার্যক্রম স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদল।