নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশের টহল দেখে পালিয়ে যাওয়ার পথে তারা রানার ওপর হামলা চালান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন উপজেলার বড়রুহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী গ্রামে কারাবন্দি সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বাড়িটির পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।





