মানিকগঞ্জের ৪৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। গত দুই বছর ধরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট এবং ছয় মাসের বেশি সময় ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এসব কেন্দ্রের চিকিৎসাসেবা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ফলে চিকিৎসা নিতে এসে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরছেন রোগীরা, কমে গেছে রোগীর উপস্থিতিও।
সরেজমিনে জেলার কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র ঘুরে দেখা যায়, চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র পেলেও বিনামূল্যের ওষুধ মিলছে না। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে গিয়ে বাড়তি খরচের চাপে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী না পাওয়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও প্রান্তিক নারীরা। সামান্য অসুস্থতা নিয়েও অনেককে ছুটতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বেসরকারি চিকিৎসাকেন্দ্রে। এতে সাধারণ মানুষের চিকিৎসাব্যয় বাড়ার পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে।
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক দুর্বলতার পরামর্শ নিতে আসা মো. রাজা মিয়া বলেন, ‘আমার মোটামুটি ২৭০০ টাকার ওষুধ লাগছে। আমি গরিব মানুষ, যদি ওষুধগুলা সরকারিভাবে পাইতাম তাহলে আমার অনেক উপকার হইতো। এখন আমার শরীর দুর্বল, আজকেও আসছি। এখনো কোনো ওষুধ নাই। তাই ওষুধ লেইখা দিছে, প্রেসক্রিপশন কইরা দিছে। এখন কত টাকার ওষুধ লাগবে তা জানি না, বাইরে থাইকা কিনা খাইতে হইব।’
সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মতে, ওষুধ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর উপস্থিতি প্রায় ৮০ শতাংশ কমে গেছে। একাধিক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জানান, আগে যেখানে প্রতিদিন ৮০ থেকে ১০০ জন রোগী আসতেন, এখন সেখানে মাত্র ১৫ থেকে ২০ জন রোগী আসেন। বর্তমানে তারা শুধু পরামর্শ ও প্রেসক্রিপশন দিয়ে সেবা দিচ্ছেন। চান্দহর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রহমত উল্লাহ বলেন, দীর্ঘদিন নিয়মিত ওষুধ সরবরাহ না থাকায় স্বাভাবিক কার্যক্রম কমে গেছে। অনেক রোগী শুধু ওষুধের জন্যই আসেন। নিয়মিত ওষুধ সরবরাহ থাকলে পূর্ণ গতিতে সেবা দেওয়া যেত।
বেতিলা মিতরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রওনক ইসলাম জানান, বাজেট ঘাটতির কারণে প্রায় সাত মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। আগে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী এলেও এখন তা কমে ৮ থেকে ১০ জনে নেমেছে; সর্বোচ্চ ১৫ জন রোগী আসেন। দীর্ঘদিন যাবৎ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহও বন্ধ। তবে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট থাকলেও কেন্দ্রগুলোতে স্কুল হেলথ এডুকেশন, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংসহ অন্যান্য কার্যক্রম চালু রয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর ধরে সেক্টর প্রোগ্রামের আওতায় এসব কার্যক্রম চলছিল। ২০২৪ সালে চতুর্থ সেক্টর প্রোগ্রামের মেয়াদ শেষ হওয়ার পর বিকল্প ব্যবস্থা বা নতুন কর্মসূচি গ্রহণ না করায় এবং বাজেট-সংক্রান্ত জটিলতায় এই সংকট তৈরি হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে ওষুধ এবং প্রায় দুই বছর আগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সংকট চললেও কার্যকর সমাধান না হওয়ায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা কমে যাচ্ছে। তারা দ্রুত বাজেট জটিলতা কাটিয়ে ৪৪টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জাকিয়া আখতার বলেন, ২০২৪ সালে চতুর্থ সেক্টর প্রোগ্রামের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কর্মসূচি গ্রহণ না করায় গত দুই বছর ধরে সারা দেশেই ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও স্বাস্থ্য উপকরণের সরবরাহে সংকট চলছে। তবে বর্তমান সরকারের উদ্যোগে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আগামী ১৩ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবার প্রচার ও সেবা বর্ষের উদ্বোধনী কার্যক্রমের পর সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ আরও জোরদার হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলেও জানুয়ারির মধ্যে এই সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার দাবি, হঠাৎ সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ায় সৃষ্ট সংকট সরকার ইতিমধ্যে চিহ্নিত করেছে এবং জনসংখ্যা কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ সরকারের উচ্চপর্যায়ের নজরে রয়েছে।