মূল লেখায় যান
এই সময়

সকাল ৯:৫১

এক ঘণ্টায় উধাও ২ হাজার ভরি গয়না, যেভাবে লুট হলো ধানমন্ডির পূরবী জুয়েলার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মিনিটে পড়ুন

শেয়ার
এক ঘণ্টায় উধাও ২ হাজার ভরি গয়না, যেভাবে লুট হলো ধানমন্ডির পূরবী জুয়েলার্স

রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা, হীরার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। দোকান কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া গয়নার পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ভরি। এ ছাড়া নগদ প্রায় ২ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, চুরির আগে মার্কেটে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এতে তারা অচেতন হয়ে পড়লে চুরির ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে। পূরবী জুয়েলার্সের এক কর্মকর্তা জানান, দোকান থেকে আনুমানিক ২ হাজার ভরি গয়না চুরি হয়েছে, যার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির উদ্দেশ্যে তিন থেকে পাঁচজন ব্যক্তি শপিং মলে প্রবেশ করেন। এরপর পূরবী জুয়েলার্সের সামনে গিয়ে পুরো ভবনের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করতে তার কেটে দেন তারা এবং ক্যামেরাও ভাঙচুর করেন। প্রায় এক ঘণ্টা পর বস্তায় করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে বেরিয়ে যান চক্রের সদস্যরা। পরে তাদের মধ্যে তিনজন অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংশ্লিষ্টদের দাবি, চুরির ঘটনায় দোকানের নিরাপত্তাকর্মী নিজাম শিকদার এবং মার্কেটের নিরাপত্তাকর্মী হালিম ও সালামের সম্পৃক্ততা রয়েছে। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে শপিং মলের জুয়েলারি দোকানে এমন বড় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের দাবি, একই দোকানে এর আগেও একাধিকবার চুরির চেষ্টা হয়েছিল। এবার বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া যাওয়ায় মার্কেটের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়:চুরি

খবরটি শেয়ার করুন